অনলাইন ডেস্ক: জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা সুজাত শিমুল। বিয়ে করেছেন তিনি। তার জীবনসঙ্গীর নাম জান্নাতুন নেছা; তিনিও থিয়েটার ও আবৃত্তিশিল্পী। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মিরপুরের একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
বিয়ের ছবি প্রকাশ করে বিষয়টি ফেসবুকে জানিয়েছেন সুজাত শিমুল নিজেই। তিনি জানান, পরিবারের স্বজনদের উপস্থিতিতে স্বল্প পরিসরে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। সহকর্মী ও সতীর্থদের নিয়ে মূল আয়োজন ডিসেম্বর মাসে করার কথা জানিয়েছেন তিনি। এ সময় দাম্পত্য জীবনের সুখের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেতা।
দেনমোহর ৯৯৯ টাকা
সুজাত শিমুল ও জান্নাতুন নেছার বিয়ের দেনমোহর নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। ব্যতিক্রমী এই অঙ্ক বেছে নেওয়ার কারণ হিসেবে শিমুল জানিয়েছেন, জীবন ও বিয়ে নিয়ে তাদের দুজনের দৃষ্টিভঙ্গি থেকেই সংখ্যাটি নির্ধারণ করা হয়েছে।
শিমুলের ভাষ্য, বিয়ের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু হয় এবং একধরনের পরিপূর্ণতা আসে। অন্যদিকে দৈনন্দিন জীবনে বিপদ-আপদে ৯৯৯ নম্বরে ফোন করার বিষয়টি থেকেও ‘ট্রিপল নাইন’ ধারণাটি এসেছে।
তিনি আরও জানান, ৯৯৯ সংখ্যাটির পরের ঘরে স্বাভাবিকভাবেই একটি শূন্যস্থান থাকে। মানুষের জীবনও কখনো পুরোপুরি পরিপূর্ণ হয় না—দেনমোহরের অঙ্ক নির্ধারণের পেছনে এই ভাবনাও কাজ করেছে।

