অনলাইন ডেস্ক: আগামী ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি বা ডি থ্রি ট্রফি। টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের আগে আজ নিলাম অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ ক্যাটাগরিতে নিলামের চূড়ান্ত তালিকায় সুযোগ পেয়েছেন দেশের ২৮১ জন ক্রিকেটার।
ডি থ্রি ট্রফির নিলামে ক্রিকেটার দলে ভেড়ানোর লড়াই হচ্ছে অর্থের বদলে পয়েন্টে। নিলামের প্রথম ডাকে ১ কোটি ৫০ লাখ পয়েন্টে শেখ মেহেদী হাসানকে দলে নিয়েছে এইস ব্লুস্টার। ওপেনার সৌম্য সরকারের জন্য ওয়ালটন ও ফরচুনের মধ্যে লড়াই হলেও শেষ পর্যন্ত ৭৫ লাখ পয়েন্টে তাকে দলে নিয়েছে ফরচুন।
টি-টোয়েন্টি সংস্করণে রিশাদ হোসেন খেলতে পারবেন না। ওই সময় বিগ ব্যাশে ব্যস্ত থাকবেন তিনি। এরপরও ৬০ লাখ পয়েন্টে এই ডানহাতি লেগ স্পিনারকে দলে নিয়েছে ফরচুন।
নাজমুল হোসেন শান্তকে ১ কোটি ৬০ লাখ পয়েন্টে দলে ভিড়িয়েছে ফরচুন গ্রুপ। বিগ ব্যাশ খেলার অনুমতি পাওয়ায় মুস্তাফিজুর রহমানের দর ৭০ লাখ পয়েন্টে থেমেছে; তাকে দলে নিয়েছে সেভেন রিংস। এখন পর্যন্ত নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় তানজিদ হাসান তামিম। ২ কোটি পয়েন্টে তাকে দলে নিয়েছে ফরচুন।
টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি দল—অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লুস্টার। নিলামে থাকা ২৮১ ক্রিকেটারের মধ্যে ২৭৫ জনকে নিয়ে নিলাম হচ্ছে; ছয়জন আইকন ক্রিকেটার হিসেবে আগেই দল পেয়েছেন।
নুরুল হাসান সোহান খেলবেন ব্লুস্টারে, তাওহীদ হৃদয় ফরচুনে, মোসাদ্দেক হোসেন সৈকত অ্যাকমিতে, মোহাম্মদ নাঈম শেখ সিটিজেনস ব্যাংকে, মুশফিকুর রহিম সেভেন রিংস সিমেন্টে এবং মেহেদী হাসান মিরাজ ওয়ালটনে।

