অনলাইন ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে মাদরাসা চুমু ও থাপ্পড়কাণ্ডের ঘটনায় দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। রোববার (২৫ অক্টোবর) দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল এবং দোষ প্রমাণ হলে ঘটনায় জড়িত মাদরাসা শিক্ষককে শাস্তি দেওয়া হোক।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাশরীফের বক্তব্য ছড়িয়ে পড়ার পর গত দুই দিন ধরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। নেটিজেনদের সমালোচনার মুখে নিজের অবস্থান পরিষ্কার করতে তিনি নতুন করে ভিডিও বার্তা দেন।
আগের বক্তব্যে কিছু কঠোর কথা বলা হয়েছিল উল্লেখ করে তাশরীফ দুঃখ প্রকাশ করেন। তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত বলেও জানান তিনি। একই সঙ্গে যারা দেশ ও ইসলামের পক্ষে আছেন, তাদের সঙ্গে থাকার কথা বলেন।
এদিকে, রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত শিক্ষকের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

