Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ব্যালন ডি’অরে ইয়ামাল, এমবাপে ও কেইনের ত্রিমুখী লড়াই

ব্যালন ডি’অরে ইয়ামাল, এমবাপে ও কেইনের ত্রিমুখী লড়াই

অনলাইন ডেস্ক: লন্ডনে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পুরস্কার বিজয়ী ঘোষণার আর কয়েক ঘণ্টা বাকি। এবারের পুরস্কার জয়ের লড়াই বেশ জমে উঠেছে।

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের দৌড়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপে ও হ্যারি কেইন।

ফরাসি ডেটা অ্যানালাইসিস ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান আভিসিয়ার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনায় এগিয়ে আছেন বার্সেলোনার উইঙ্গার ইয়ামাল। তার সম্ভাবনা ২৩ শতাংশ। কেইন ২১ শতাংশ নিয়ে দ্বিতীয় এবং এমবাপে ১৯ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। এমবাপের সঙ্গে একই সম্ভাবনায় রয়েছেন ২০২৪ সালের বিজয়ী রদ্রি।

শীর্ষ পাঁচে রয়েছেন লিওনেল মেসিও। রেকর্ড নবমবারের মতো পুরস্কার জয়ের সম্ভাবনা তার ১৮ শতাংশ বলে জানিয়েছে আভিসিয়া। প্রতিষ্ঠানটি দাবি করেছে, ২০২৫ সালের ব্যালন ডি’অরের শীর্ষ পাঁচ খেলোয়াড়কে তারা সঠিকভাবে চিহ্নিত করেছিল।

তবে বুকমেকারদের হিসাবে প্রায় ৭০ শতাংশ সম্ভাবনা নিয়ে কেইনই স্পষ্ট ফেভারিট। অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে ও সাবেক ইতালি আন্তর্জাতিক মার্কো মাতেরাজি মেসির পক্ষে মত দিয়েছেন। জুড বেলিংহাম সমর্থন জানিয়েছেন কেইনকে। ইয়ামালের পক্ষে কথা বলেছেন অ্যান্থনি গর্ডন, আর এমবাপেকে সমর্থন করেছেন রিয়াল মাদ্রিদের সতীর্থ অরেলিয়েন শুয়োমেনি।

পরিসংখ্যান ও শিরোপার হিসাব

ব্যক্তিগত পরিসংখ্যানে এমবাপে লা লিগায় ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং চ্যাম্পিয়নস লিগে ১৫ গোল করে শীর্ষ সংগ্রাহক হয়েছেন। বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের পাশাপাশি আসরটির ইতিহাসে ১২ গোল করে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েছেন তিনি। তবে ক্লাব বা দেশের হয়ে কোনো ট্রফি জিততে পারেননি এমবাপে।

কেইন গত মৌসুমে ৭৩ গোল করেছেন, যা ২০১১-১২ মৌসুমে মেসির ৮২ গোলের পর কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ। বায়ার্নের হয়ে বুন্দেসলিগা জিতলেও ইংল্যান্ডকে বিশ্বকাপে তৃতীয় স্থানে নিতে পেরেছেন তিনি।

ইয়ামালের ব্যক্তিগত মৌসুম ইনজুরির কারণে বড় না হলেও স্পেনের হয়ে বিশ্বকাপ এবং বার্সেলোনার হয়ে লা লিগা জিতেছেন। সাম্প্রতিক ইতিহাসে বড় টুর্নামেন্টের শিরোপা ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পূর্ববর্তী ১৯ বিজয়ীর মধ্যে মাত্র চারজন পুরস্কার পাওয়ার বছরে চ্যাম্পিয়নস লিগ, বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা কোপা আমেরিকার কোনোটি জিততে পারেননি।

এই দিকটি ইয়ামালের পক্ষে যেতে পারে। তিনি সর্বকনিষ্ঠ ব্যালন ডি’অরজয়ী হওয়ার লক্ষ্যে লড়ছেন, যে রেকর্ড বর্তমানে ১৯৯৭ সালে ২১ বছর বয়সে পুরস্কার জেতা ব্রাজিলিয়ান রোনালদোর দখলে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram