Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

পিএইচপির দুটি নিরাপত্তাত্রুটিতে বড় সাইবার হামলার ঝুঁকি

পিএইচপির দুটি নিরাপত্তাত্রুটিতে বড় সাইবার হামলার ঝুঁকি

অনলাইন ডেস্ক: ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপির দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে ওয়েবসাইট বা সার্ভারে প্রবেশ করে তথ্য চুরি কিংবা ক্ষতিকর সফটওয়্যার স্থাপন করতে পারেন। ইন্টারনেটের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট পিএইচপির ওপর নির্ভরশীল হওয়ায় এতে বড় ঝুঁকি তৈরি হয়েছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পিএইচপি২শেল’ নামে পরিচিত ত্রুটি দুটি প্রকাশ্যে আসার পর এগুলোকে CVE-2026-109618 ও CVE-2026-109619 শনাক্তকরণ নম্বর দেওয়া হয়েছে। ত্রুটি সংশোধনে পিএইচপি ফাউন্ডেশন নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে। তবে অনেক সার্ভারে এখনো সেই আপডেট না পৌঁছানোয় ঝুঁকি রয়ে গেছে।

পিএইচপি একটি ওপেন সোর্স প্রোগ্রামিং ভাষা, যা ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহৃত হয়। ওয়ার্ডপ্রেস, ড্রুপাল ও জুমলার মতো জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্মেও ভাষাটি ব্যবহৃত হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ত্রুটি দুটি শনাক্ত হলেও তখন সেগুলো কাজে লাগানোর কার্যকর পদ্ধতি জানা ছিল না। সম্প্রতি সাইবার নিরাপত্তা গবেষকেরা ত্রুটি ব্যবহার করে আক্রমণের কৌশল বের করেন। বিষয়টি পিএইচপি ফাউন্ডেশনকে জানানো হলে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।

পাসওয়ার্ড বা ক্লিক ছাড়াই হামলার আশঙ্কা

ত্রুটিগুলোর বিশেষ ঝুঁকি হলো, আক্রমণের জন্য ব্যবহারকারীকে কোনো লিংকে ক্লিক করা বা ফাইল খোলার প্রয়োজন হয় না। আক্রান্ত সার্ভারে নিরাপত্তা হালনাগাদ না থাকলে দূর থেকেই ক্ষতিকর নির্দেশনা চালানো সম্ভব হতে পারে। সাইবার নিরাপত্তার ভাষায় এ ধরনের ঘটনাকে ‘রিমোট কোড এক্সিকিউশন’ বলা হয়।

এভাবে সার্ভারে ক্ষতিকর সফটওয়্যার স্থাপন, গুরুত্বপূর্ণ তথ্য চুরি এবং ভবিষ্যতে আবার প্রবেশের ব্যবস্থা তৈরি করতে পারেন হ্যাকাররা।

কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় শনাক্ত

ক্যালিফের নিরাপত্তা গবেষকেরা পিএইচপির কোড নিরীক্ষার সময় ত্রুটি দুটি শনাক্ত করেন। তারা ওপেনএআই ও ক্লাউড নিরাপত্তা প্রতিষ্ঠান উইজের ‘হ্যাক দ্য প্ল্যানেট’ উদ্যোগের অংশ হিসেবে কাজ করছিলেন। পরে ওপেনএআই ত্রুটি কাজে লাগানোর পরীক্ষামূলক পদ্ধতিগুলো যাচাই করে।

গবেষকেরা জানিয়েছেন, ত্রুটি কাজে লাগানোর প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেওয়া হয়েছিল। তবে কাজটির বড় অংশ গবেষকদের দক্ষতা, পিএইচপির কোড সম্পর্কে জ্ঞান এবং সাইবার হামলার কৌশল বোঝার ওপর নির্ভর করেছে।

নিরাপত্তা হালনাগাদ প্রকাশের আগেই ত্রুটি কাজে লাগিয়ে হামলা হয়েছে বলে জানিয়েছে অ্যামাজন। প্রতিষ্ঠানটির পর্যবেক্ষণে ১৭ অক্টোবরের দিকে এ ধরনের কার্যকলাপের ইঙ্গিত পাওয়া যায়। তবে হামলাকারীরা কীভাবে ত্রুটির তথ্য পেয়েছিল, তা নিশ্চিত নয়।

পালো অল্টো নেটওয়ার্কস ও ট্রেইল অব বিটসের তথ্য অনুযায়ী, শুক্রবারের মধ্যে ত্রুটি দুটি কাজে লাগিয়ে অনুপ্রবেশ ও পরবর্তী ক্ষতিকর কার্যকলাপের প্রমাণ পাওয়া গেছে। তবে আক্রান্ত ব্যবস্থার পরিচয় তখনো জানা যায়নি।

নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা, ছোট প্রতিষ্ঠান ও স্বতন্ত্র ওয়েবসাইট পরিচালকেরা সময়মতো হালনাগাদ না করায় আগামী দিনগুলোতেও হামলার ঝুঁকি থাকবে। পিএইচপি ব্যবহার করা ওয়েব সার্ভারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সরঞ্জাম, নেটওয়ার্ক যন্ত্র ও নিরাপত্তা পণ্যেও সংশ্লিষ্ট উপাদান থাকতে পারে।

ওয়েবসাইট পরিচালকদের দ্রুত পিএইচপির নিরাপত্তা হালনাগাদ ইনস্টল, সার্ভারের লগ পরীক্ষা এবং অননুমোদিত প্রবেশের লক্ষণ খুঁজে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। পুরোনো সফটওয়্যারনির্ভর ব্যবস্থায় হালনাগাদ সম্ভব না হলে বিকল্প নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ঘটনাটি পুরোনো প্রযুক্তির নিরাপত্তা দুর্বলতার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নতুন ত্রুটি শনাক্তের সক্ষমতাকেও সামনে এনেছে। ভবিষ্যতে সাইবার হামলা ঠেকাতে নিয়মিত নিরাপত্তা পরীক্ষা ও দ্রুত সফটওয়্যার হালনাগাদ গুরুত্বপূর্ণ।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram