অনলাইন ডেস্ক: চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকো সামনে রেখে ভবিষ্যদ্বাণী করেছেন রিয়াল মাদ্রিদের লিজেন্ড স্টিভ ম্যাকম্যানাম্যান। তার পূর্বানুমান, ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে ৩-১ গোলে জিতবে রিয়াল মাদ্রিদ।
৩৬৫ স্কোরস প্ল্যাটফর্মে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ম্যাকম্যানাম্যান। পরে তার মন্তব্য প্রকাশ করে দ্য স্পোর্ট সংবাদপত্র।
রিয়ালের হয়ে দুটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ জেতা সাবেক এই ফুটবলার বলেন, ম্যাচটি কঠিন হতে পারে। তার মতে, এল ক্লাসিকো প্রায়ই পূর্বাভাসকে ভুল প্রমাণ করে। একই সঙ্গে দুই দলেরই বড় ম্যাচে ফল নির্ধারণের সক্ষমতা আছে বলে মন্তব্য করেন তিনি।
১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত রিয়ালে খেলা এই সাবেক উইঙ্গার আরও বলেন, ভিনিসিয়ুস জুনিয়রকে না পাওয়া রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা হতে পারে। তার মতে, গতি এবং ডিফেন্ডারদের সঙ্গে ওয়ান-অন-ওয়ান লড়াইয়ের দক্ষতা দিয়ে ভিনিসিয়ুস ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন।
ম্যাকম্যানাম্যানের ধারণা, ভিনিসিয়ুসের অনুপস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কিলিয়ান এমবাপে সমস্যায় পড়তে পারেন। তিনি বলেন, এমবাপের সামর্থ্য অনেক হলেও দুজন ভিন্ন ধরনের খেলোয়াড়; ভিনিসিয়ুসের ঘাটতিগুলো অন্য কাউকে দিয়ে পুরোপুরি পূরণ করা যাবে না।

