অনলাইন ডেস্ক: ভিনসেন্ট কোম্পানির অসুস্থতা ও পরে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তির ব্যাপারটি আকস্মিক মনে হতে পারে। কিন্তু বায়ার্ন মিউনিখ কোচের আকস্মিক এই অসুস্থতার পেছনে ছিল অনিয়ন্ত্রিত জীবনযাত্রা। নিজের কর্মব্যস্ততাকে শেষ সীমায় ঠেলে দেওয়ায় তার সহকর্মীরাও উদ্বিগ্ন ছিলেন।
গত শুক্রবার বায়ার্নের রিজার্ভ দলের অনুশীলন চলাকালে অজ্ঞান হয়ে পড়েন ৪০ বছর বয়সী বেলজিয়ান কোচ। সে সময় তার সঙ্গে ছিলেন দ্বিতীয় দলের কোচ দান্তে। পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে কোম্পানিকে মিউনিখের হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
জার্মান আউটলেট বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি কয়েক সপ্তাহ ধরে চলা সতর্ক সংকেতের পরিণতি। কোম্পানির অতিরিক্ত কাজের চাপ ও ব্যক্তিগত সময়ের ঘাটতি নিয়ে বায়ার্ন কর্তৃপক্ষ এবং ব্যাকরুম স্টাফরা উদ্বিগ্ন ছিলেন। অজ্ঞান হওয়ার আগে কয়েক দিন ভাইরাল ইনফেকশনেও ভুগছিলেন তিনি। এরপরও কাজ কমাননি কোম্পানি।
সহকর্মীদের পর্যবেক্ষণ অনুযায়ী, নিয়মিত পর্যাপ্ত ঘুমাতেন না বায়ার্ন কোচ। অনেক সময় ভোরে উঠে ল্যাপটপে ম্যাচ ফুটেজ ও ট্যাকটিক্যাল ডাটা বিশ্লেষণ করতেন। ক্লান্তি কাটাতে তিনি অতিরিক্ত কফি পান করতেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
খেলোয়াড়জীবনে শীর্ষস্তরের ডিফেন্ডার হিসেবে যে শারীরিক পরিশ্রম করতেন, কোচ হওয়ার পর তা কমে যায়। বিশ্বমানের অনুশীলন সুবিধা থাকা সত্ত্বেও নিজের ব্যায়ামের জন্য খুব একটা সময় বের করতে পারেননি তিনি।
বায়ার্নে প্রধান কোচ হওয়ার পর ম্যাচ-পূর্ব আলোচনা, ওয়ার্ম আপ ড্রিল, দলের ভ্রমণের লজিস্টিক এবং সংবাদমাধ্যম সামলানোর মতো অনেক কাজ নিজেই করতেন কোম্পানি। সবকিছু নিখুঁত রাখার এই প্রবণতা এবং নিজের শরীরের প্রতি কম মনোযোগই তার দীর্ঘমেয়াদি অসুস্থতার কারণ বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
কোম্পানিকে দীর্ঘ সময় টাচলাইন থেকে দূরে থাকতে হতে পারে, যা কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। তার অনুপস্থিতিতে বায়ার্নের দায়িত্বগুলো কে সামলাবেন, তা নিয়ে ক্লাবটি উদ্বেগে রয়েছে।

