অনলাইন ডেস্ক: ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য বিশ্ব ফুটবলে অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর। আগামীকাল (সোমবার) রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে বর্ণাঢ্য আয়োজনে দেওয়া হবে এই পুরস্কার। এর আগে নানা আলোচনা, সম্ভাবনা ও নাটকীয়তা তৈরি হয়েছে। ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে তিনজনের মধ্যে, যেখানে আগের চেয়ে সম্ভাবনায় পিছিয়ে পড়েছেন লামিনে ইয়ামাল।
পুরস্কারের প্রধান দাবিদারদের নিয়ে বুকমেকারদের বাজির দর পরিবর্তনের পর এবারের দৌড়ে নতুন মোড় এসেছে। সব হিসাব-নিকাশে এখন সবচেয়ে এগিয়ে আছেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার ৬৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে ৭৩ গোল করেছেন। শনিবার বুকমেকারদের গড় হিসাবে তার জয়ের পক্ষে বাজির দর ছিল ১.৩৫।
অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন ইংল্যান্ডের অধিনায়ক কেইন।
অন্যদিকে, কয়েক ঘণ্টার ব্যবধানে লামিনে ইয়ামালের সম্ভাবনা কমে গেছে। বড় বুকমেকারদের অধিকাংশই বার্সেলোনার এই তরুণ তারকার বিপক্ষে বাজির দর বাড়িয়েছে। আগে ৩.২৫ থাকা দর বেড়ে দাঁড়িয়েছে ৬.০০-তে।
গত মৌসুমে লা লিগায় ১৬ গোলের পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করেন ইয়ামাল। তার পারফরম্যান্সে ভর করে বার্সেলোনা শিরোপা ধরে রাখে এবং স্প্যানিশ সুপার কাপও জেতে। ২০২৬ বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ১৯ বছর বয়সী এই খেলোয়াড়।
অতীতের ব্যালন ডি’অর ভোটে বিশ্বকাপ জয়ের প্রভাব গুরুত্বপূর্ণ ছিল। এবারও তা ইয়ামালের জন্য নিয়ামক হবে বলে মনে করা হচ্ছিল। তবে সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র দেওয়া পুরস্কারে ইয়ামালকে ছাপিয়ে কেইনের জয় সম্ভাবনার এই পরিবর্তনের অন্যতম কারণ হতে পারে।
যেভাবে নির্ধারিত হয় বিজয়ী
পুরুষদের ব্যালন ডি’অরের জন্য ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০টি দেশের একজন করে মনোনীত ক্রীড়া সাংবাদিক ভোট দেন। ভোটাররা ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে ক্রমানুসারে সেরা ১০ খেলোয়াড় বেছে নেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানের জন্য যথাক্রমে ১৫, ১২ ও ১০ পয়েন্ট দেওয়া হয়; এরপরও অবস্থান অনুযায়ী পয়েন্ট বণ্টন করা হয়। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খেলোয়াড়ের হাতে ওঠে ব্যালন ডি’অর।

