অনলাইন ডেস্ক: ইরানে আজ নতুন করে আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার জানান, রোববার হামলা শুরু হতে পারে। আর নয়তো ইরানের সঙ্গে ‘বড় চুক্তি’ হতে পারে।
কয়েকদিন ধরেই ইরানে যেকোনো সময় যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে—এমন আশঙ্কা করা হচ্ছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হামলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং তা রোববারও শুরু হতে পারে।
ট্রাম্প জানান, ইরান যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী চুক্তিতে রাজি হলে নতুন হামলা এড়াতে পারে। তিনি বলেন, ইরানিরা চুক্তি চায়, তবে তারা চুক্তির শর্ত মেনে চলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কি না, সেটিই সমস্যা।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তাঁর লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। তাঁর ভাষ্য অনুযায়ী, গত বছরের জুনে বি-২ বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক অবকাঠামোয় হামলা চালানো হয়েছিল। তবে এ বছর আবার হামলার সিদ্ধান্ত না নিলে গত বছরের হামলা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ঠেকাতে যথেষ্ট নাও হতে পারত বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধের আগের মতো তেল আসছে। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।
ইরান চুক্তিতে রাজি না হলে সামরিকভাবে তাদের বাধ্য করা হতে পারে বলেও জানান ট্রাম্প। তাঁর বক্তব্য, সামরিক হামলা হোক বা চুক্তি—যেভাবেই হোক যুক্তরাষ্ট্র জিতবে।

