অনলাইন ডেস্ক: বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার এই অর্জনে আবেগাপ্লুত তার সাবেক ক্লাব বার্সেলোনা। ২০২১ সালে অশ্রুসিক্ত ও তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে মেসি যে কাতালান ক্লাব ছেড়েছিলেন, সেই বার্সেলোনাই এখন তার অতীতের সাফল্যের প্রশংসা করছে।
স্পেনের ওভিয়েদোর কাম্পোয়াম থিয়েটারে মেসি মর্যাদাপূর্ণ পুরস্কারটি গ্রহণ করেন। পুরস্কার গ্রহণের জন্য তিনি ৪৮ ঘণ্টা ওভিয়েদোতে ছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও ঘনিষ্ঠ সহযোগীরা। প্রিন্সেস লিওনরের সঙ্গে বিশেষ সাক্ষাৎপর্বে অংশ নেওয়ার পর তার হাত থেকেই পুরস্কারের স্মারক নেন মেসি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বার্সেলোনা মেসিকে অভিনন্দন জানিয়ে বলেছে, তার অসাধারণ প্রতিভার জন্য এই স্বীকৃতি প্রাপ্য। মাঠ ও মাঠের বাইরে মেসির অবদান স্থায়ী ছাপ রেখে গেছে বলেও উল্লেখ করেছে ক্লাবটি।
মেসির সঙ্গে নিজেদের দীর্ঘ সম্পর্কের কথাও স্মরণ করেছে বার্সেলোনা। ক্লাবটির ভাষ্য, মেসির সফল ক্যারিয়ারে এফসি বার্সেলোনা তার জীবন ও গল্পের গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং এই বন্ধন ক্লাবের উত্তরাধিকারের অংশ হয়ে থাকবে।
১৩ বছর বয়সে বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়ায় যোগ দেওয়ার পর মূল দলে টানা ১৭ মৌসুম খেলেছেন মেসি। ওই সময়ে ক্লাবটির উল্লেখযোগ্য প্রায় সব রেকর্ড ভেঙেছেন তিনি। প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারকে সেই সাফল্যমণ্ডিত অধ্যায়ের প্রতি স্পেনের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
পুরস্কার নিতে ওভিয়েদো সফরের মধ্য দিয়ে মেসি স্পেনের সংস্কৃতিতে নিজের প্রভাবের বিষয়টি আবারও সামনে এনেছেন। সক্রিয় ফুটবলার থাকা অবস্থায় এমন স্বীকৃতি পাওয়ায় পুরস্কারটির গুরুত্ব আরও বেড়েছে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনা হারের পর স্পেনে মেসিকে দেওয়া সম্মান প্রত্যাহারের দাবিতে একাধিক আবেদন ও পিটিশন করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন বিজয়ীদের তালিকায় মেসির নাম বহাল রাখে।

