অনলাইন ডেস্ক: ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন স্বেচ্ছাসেবীর পরিচয় শনাক্ত হয়েছে। তারা সবাই মাগুরার বাসিন্দা এবং স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), মাগুরা দলের সদস্য। শুক্রবার (২৩ অক্টোবর) প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার বারাসিয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে নূর মোহাম্মদ আরিফ, একই উপজেলার মালিক গ্রামের বাসার মোল্লার ছেলে রাব্বি এবং আঠারখাদা এলাকার আবু জাফরের মেয়ে তামান্না তাবাসসুম ঐশী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় ব্যুরো বাংলাদেশের কার্যালয়ে জাগো ফাউন্ডেশনের ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের সেমিনারে অংশ নিতে মাগুরা থেকে স্বেচ্ছাসেবীদের একটি দল ফরিদপুরে যায়। সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সেমিনার ও প্রশিক্ষণ শেষে তারা মাগুরায় ফেরার জন্য বাসস্ট্যান্ডে যান। তাৎক্ষণিকভাবে বাস না পেয়ে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে তারা বাড়ির উদ্দেশে রওনা হন।
পথে মধুখালীর আড়কান্দি সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা পূর্বাশা পরিবহনের বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ছয়জনকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল আমিন জানান, দুর্ঘটনার পর ছয়জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাঁদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, আহত তিনজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ করিমপুর হাইওয়ে থানায় রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিন তরুণ স্বেচ্ছাসেবীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মাগুরায় শোকের পরিবেশ নেমে এসেছে। নিহতদের পরিবার, স্বজন, সহপাঠী ও সহকর্মীদের মধ্যে শোক বিরাজ করছে।

