অনলাইন ডেস্ক: যৌথভাবে সর্বোচ্চ পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড। শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে মুম্বাই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাত বছরের সম্পর্কের ইতি টানার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন পোলার্ড। সাবেক এই ক্যারিবীয় তারকা গত চার বছর দলটির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রধান কোচ হিসেবে পোলার্ডকে নিয়োগের তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় ৩৯ বছর বয়সী এই উইন্ডিজ তারকা বলেন, মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হওয়া তার জন্য সম্মানের। দল, খেলোয়াড় ও সমর্থকদের সঙ্গে তার বন্ধনকে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।
ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক থেকে শেষ পর্যন্ত ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাইয়েই ছিলেন পোলার্ড। নীল জার্সিতে ১৮৯ ম্যাচে তিনি ৩৪১২ রান করেন এবং নেন ৬৯ উইকেট। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালের শিরোপাজয়ী দলের খেলোয়াড়ী অধ্যায় শেষে ২০২২ আসর থেকে মুম্বাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন তিনি।
নতুন কোচকে স্বাগত জানিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতিা আম্বানি বলেন, ২২ বছর বয়সে দলে যোগ দেওয়ার পর গত ষোলো বছরে পোলার্ড তাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। খেলোয়াড় হিসেবে তার অবদান এবং কোচ হিসেবে অভিজ্ঞতা, আবেগ ও খেলার গভীর জ্ঞানের কথাও উল্লেখ করেন তিনি।
প্রধান কোচের নতুন দায়িত্বে পোলার্ড একই দায়বদ্ধতা, বিশ্বাস ও সংকল্প নিয়ে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন নীতিা আম্বানি।

