অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের (ব্রিটেন) ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত বেশ কিছু অভিজাত স্কুল এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান (বিশ্ববিদ্যালয়) বর্তমানে ভারতে তাদের স্থায়ী ক্যাম্পাস স্থাপন করছে। আগে ব্রিটিশ স্কুলগুলোর প্রধান লক্ষ্য ছিল চীন। তবে সাম্প্রতিক সময়ে, চীনের ভূ-রাজনীতি এবং সেখানে চীনা ভাষায় শিক্ষার কড়াকড়ির কারণে ব্রিটিশ স্কুলগুলো এখন ভারতের দিকে ঝুঁকছে।
ভারতে আন্তর্জাতিক মানের শিক্ষা দিতে সন্তানদের জন্য অর্থ ব্যয়ে আগ্রহী একটি বড় শ্রেণি তৈরি হয়েছে। এতে শিক্ষার্থীরা নিজ দেশে বসেই তুলনামূলক কম খরচে ব্রিটিশ ডিগ্রি লাভের সুযোগ পাচ্ছেন। বেঙ্গালুরুতে কার্যক্রম চালানো লন্ডনের হ্যারো স্কুলের প্রধান ক্যারোলিন প্যাসকো বলেছেন, তাদের আন্তর্জাতিক পাঠ্যক্রম অনেকের জন্য বড় চালিকাশক্তি।
ভারতে ক্যাম্পাস স্থাপন করা সর্বশেষ ব্রিটিশ স্কুল হলো বেডফোর্ড স্কুল। পাঞ্জাবের মোহালিতে কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে চীনে বেসরকারি স্কুলের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। এতে সেখানে কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে বলে তারা দাবি করেছে।
ভারতে ব্রিটিশ স্কুলের ক্যাম্পাস
২০২৩ সাল থেকে সফটওয়্যার ও স্টার্টআপ কোম্পানির কেন্দ্র বেঙ্গালুরুতে হ্যারো স্কুলের কার্যক্রম চলছে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই স্কুলে পড়াশোনা করেছিলেন। মধ্য ভারতের ভোপালে রয়েছে শ্রুসবারি স্কুলের ক্যাম্পাস। ওয়েলিংটন কলেজ কার্যক্রম শুরুর জন্য বেছে নিয়েছে পুনে শহরকে, যা বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর কারণে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ হিসেবে পরিচিত।
বেডফোর্ড স্কুল মোহালিতে আন্তর্জাতিক ক্যাম্পাস স্থাপন করেছে। কুইন এলিজাবেথ স্কুল ২০২৬ সালের আগস্ট থেকে গুরুগ্রামে কার্যক্রম শুরু করেছে। হ্যারো স্কুল ২০২৩ সালে বেঙ্গালুরুতে ক্যাম্পাস চালু করেছে এবং শ্রুসবারি স্কুল ২০২৫ সালের আগস্ট থেকে ভোপালে প্রথম ব্যাচের ক্লাস শুরু করেছে। আগামী কয়েক বছরের মধ্যে মিলফিল্ড, কুইন এলিজাবেথ’স স্কুলসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান ভারতে শাখা ক্যাম্পাস খুলতে পারে বলেও শোনা যাচ্ছে।
হ্যারো ও বেডফোর্ড প্রাথমিক পর্যায় থেকে ‘এ-লেভেল’ পর্যন্ত কেমব্রিজ পাঠ্যক্রম অনুসরণ করে। কেমব্রিজের এই শিক্ষাব্যবস্থা বিশ্বজুড়ে ১০ হাজারের বেশি স্কুলে স্বীকৃত।
যুক্তরাজ্যভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক প্রাইভেট এডুকেশন পলিসি ফোরামের ২০২৫ সালের গবেষণা অনুযায়ী, নিয়মকানুনের পরিবর্তন, জাতীয় সরকারের তদারকি বৃদ্ধি এবং বিভিন্ন বাধার কারণে চীনে এই খাতের প্রবৃদ্ধি ধীর হয়েছে।
ভারতে বিভিন্ন স্কুল পরিচালনাকারী পরিবারের সদস্য হরসিমরান সিং কোচার জানান, তিনি তার পাঁচ বছর বয়সী মেয়ে পরিণিতিকে বেডফোর্ড মোহালিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য, স্কুলটি পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠন ও আত্মবিশ্বাসের ওপরও গুরুত্ব দেয়।
বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস
উচ্চশিক্ষার বাজার ধরতে ব্রিটেনের অন্তত ৯টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ভারতে স্বাধীন ক্যাম্পাস ও হাব গড়ে তুলছে। ইউনিভার্সিটি অব সাউদাম্পটন সেখানে ক্যাম্পাস চালু করেছে। ইউনিভার্সিটি অব লিভারপুল বেঙ্গালুরুতে ক্যাম্পাস চালুর অনুমোদন পেয়েছে। ইউনিভার্সিটি অব ইয়র্ক ও ইউনিভার্সিটি অব এবারডিন মুম্বাইয়ে ক্যাম্পাস স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। ল্যাঙ্কাস্টার, ব্রিস্টল, কভেন্ট্রি এবং কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টও এই তালিকায় রয়েছে।

