Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

এআই নিয়ে ভয়-উদ্বেগ কৃতি স্যাননের

এআই নিয়ে ভয়-উদ্বেগ কৃতি স্যাননের

অনলাইন ডেস্ক: অনলাইনে দেখা কোনো ছবি আসল, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি—তা বোঝা দিন দিন কঠিন হয়ে উঠছে। এতে ব্যক্তিগত অধিকার ও ছবি অপব্যবহারের ঝুঁকি বাড়ছে বলে মনে করেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। তার মতে, প্রযুক্তি যত দ্রুত এগোচ্ছে, সেই গতির সঙ্গে তাল মিলিয়ে আইনও বদলানো জরুরি।

সম্প্রতি এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এ ‘দ্য মেকিং অব আ মডার্ন স্টার’ বিষয়ে কথা বলেন কৃতি। সেখানে এআই নিয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরে তিনি বলেন, এআই তাকে ভয় দেখায়। তবে প্রযুক্তিটিকে তিনি গন্তব্য নয়, একটি হাতিয়ার হিসেবে দেখেন। তার মতে, হাতিয়ার যত ধারালো হয়, তা তত বিপজ্জনকও হতে পারে।

প্রযুক্তির উন্নয়ন ও নতুন উদ্ভাবনের পক্ষে থাকলেও কৃতি মনে করেন, এর সঙ্গে সামঞ্জস্য রেখে আইন যুগোপযোগী করা প্রয়োজন। এআই দিয়ে কী কী করা সম্ভব এবং তার জন্য মানুষ কতটা প্রস্তুত—তা এখনো স্পষ্ট নয় বলেও তিনি উল্লেখ করেন। ব্যক্তিগত অধিকারের বিষয়টি তার কাছে বিশেষভাবে উদ্বেগের বলে জানান অভিনেত্রী।

কৃতির ভাষ্য, এআই দিয়ে তৈরি ছবি ও আসল ছবির পার্থক্য ক্রমেই কমে আসছে। অনলাইনে দেখা ছবির সত্যতা যাচাই করা কঠিন হয়ে উঠছে এবং এআই ভবিষ্যতে কোথায় পৌঁছাবে, সে বিষয়ে প্রস্তুতির ঘাটতি রয়েছে। এ কারণে এ ক্ষেত্রে আইন থাকা দরকার বলে মনে করেন তিনি।

সামাজিক মাধ্যমে এআই দিয়ে কারও ছবি তৈরি বা অপব্যবহার হলে তা জানানোর ব্যবস্থার সীমাবদ্ধতার কথাও বলেন কৃতি। ইনস্টাগ্রামে কোনো ছবি এআই দিয়ে তৈরি—এমন নির্দিষ্ট কারণ দেখিয়ে তা রিপোর্ট করে সরিয়ে দেওয়ার বিকল্প নেই বলে জানান তিনি। তার মতে, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সামাজিক মাধ্যমের ব্যবস্থাপনাও এখনো যথেষ্ট দ্রুত এগোতে পারেনি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram