Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ফোনের নেশা কমিয়ে সুস্থ থাকতে ডিজিটাল ডিটক্সের পরামর্শ

ফোনের নেশা কমিয়ে সুস্থ থাকতে ডিজিটাল ডিটক্সের পরামর্শ

অনলাইন ডেস্ক: চিকিৎসকের পরামর্শে সোশ্যাল মিডিয়া থেকে কয়েক দিনের বিরতি নিয়েছেন অমিতাভ বচ্চন। তার এই সিদ্ধান্তই মনে করিয়ে দিল, ক্রমাগত স্ক্রিন টাইম, নোটিফিকেশন ও স্ক্রলিংয়ের ভিড়ে মাঝে মাঝে অফলাইন থাকাটা শরীর ও মনের জন্য কতটা জরুরি।

সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চন লিখেছেন, চিকিৎসকেরা তাকে কয়েক দিন বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন। এ কারণে আপাতত তিনি কিছু লিখতে পারছেন না বলেও জানান।

৮২ বছর বয়সেও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন অমিতাভ। তার বিরতির ঘোষণার পর অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে বিষয়টি অতিরিক্ত নোটিফিকেশন, স্ক্রলিং ও স্ক্রিন টাইমের শারীরিক-মানসিক প্রভাব নিয়েও আলোচনা সামনে এনেছে। চিকিৎসকদের মতে, এ সময়ে সবারই সচেতনভাবে প্রযুক্তির ব্যবহার কমানোর প্রয়োজন রয়েছে।

ডিজিটাল ডিটক্স কেন জরুরি

ডিজিটাল ডিটক্স মানে প্রযুক্তি পুরোপুরি বর্জন করা নয়; বরং প্রয়োজন অনুযায়ী এর ব্যবহার কমানো। মনোরোগ চিকিৎসক সামন্ত দর্শীর মতে, এর উদ্দেশ্য পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়া নয়, বরং নিজের সঙ্গে সংযুক্ত হওয়া। তার ভাষ্য, একটানা নোটিফিকেশন ও স্ক্রলিং মস্তিষ্ককে অতিরিক্ত উত্তেজিত করে, যা মনোযোগ, আবেগ ও কর্মক্ষমতায় প্রভাব ফেলতে পারে।

সোশ্যাল মিডিয়ায় অন্যের সাজানো জীবন বা সাফল্যের সঙ্গে নিজের তুলনা করলে মানসিক চাপ ও হীনম্মন্যতা তৈরি হতে পারে। বিরতি নিলে এ ধরনের তুলনা কমে এবং নিজের কাজে মনোযোগ বাড়তে পারে। কাজের সময় বারবার মেসেজ বা নোটিফিকেশন দেখলেও মনোযোগ নষ্ট হয়। তাই অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রেখে ফোন দূরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

রাতে শুয়ে স্ক্রলিং ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। চিকিৎসক গৌরব বত্রার মতে, ঘুমের আগে ডিজিটাল ডিটক্স মস্তিষ্কের স্বাস্থ্য ও ঘুমের গুণমানের জন্য জরুরি। তার মতে, প্রাপ্তবয়স্কদের প্রতিদিন অন্তত সাত ঘণ্টা নিয়মিত ঘুম প্রয়োজন।

সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলে শারীরচর্চা, বই পড়া, শখের কাজ বা পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগও বাড়ে। অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করা, ঘুমের অন্তত এক ঘণ্টা আগে ফোন না দেখা, খাওয়ার সময় ফোন দূরে রাখা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য দিনের নির্দিষ্ট সময় নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ কাজের সময় ফোন হাতের নাগালের বাইরে রাখাও উপকারী হতে পারে।

চিকিৎসকদের মতে, প্রযুক্তি এড়িয়ে চলা নয়, বরং সচেতনভাবে ব্যবহার করাই ডিজিটাল ডিটক্সের মূল উদ্দেশ্য।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram