অনলাইন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি চালানোর ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানি। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে এই হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর ফেসবুকে ক্ষতিগ্রস্ত গাড়ি ও আসিফ আকবরের ছবি দিয়ে একটি পোস্ট দেন ওমর সানি। সেখানে তিনি গায়কের গাড়িতে গুলি চালানোর ঘটনাকে ‘অশুভ সংকেত’ হিসেবে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন এবং আসিফ আকবরের দীর্ঘায়ু কামনা করেন।
এর আগে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, গুলির সময় গাড়িতে আসিফ আকবর ছিলেন না। ফলে তিনি অক্ষত আছেন।
পুলিশ এখনো এই হামলার পেছনে কোনো ব্যক্তিগত বা পেশাগত বিরোধ আছে কি না, সে বিষয়ে তথ্য পায়নি বলে জানান ওসি।
আসিফ আকবরকে ঘিরে এই ঘটনায় শোবিজ অঙ্গনে আতঙ্ক তৈরি হয়েছে। উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরাও।

