Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

কিশোরগ্যাং নির্মূলে চিফ হুইপের নির্দেশনার পর পাথরঘাটায় আটক ২১

কিশোরগ্যাং নির্মূলে চিফ হুইপের নির্দেশনার পর পাথরঘাটায় আটক ২১

অনলাইন ডেস্ক: বরগুনার পাথরঘাটায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে পুলিশ। জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মণির কঠোর নির্দেশনার পর মাদক ও কিশোরগ্যাং নির্মূলের উদ্দেশে চালানো একটি অভিযানে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পাথরঘাটা পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২১ জনকে আটকের পাশাপাশি কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে না পারায় ৯টি মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ১৮ বছরের কম বয়সী সাতজন, ২৫ বছরের মধ্যে ১২ জন এবং ২৫ বছরের বেশি বয়সী দুজন রয়েছেন।

পুলিশ জানায়, চাঁদাবাজি, মাদক ও কিশোরগ্যাং নির্মূলে পাথরঘাটা উপজেলায় বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হয়। গত ১৬ অক্টোবর পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইন-শৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুল ইসলাম মণি পাথরঘাটা থেকে চাঁদাবাজ, মাদক ও কিশোরগ্যাং নির্মূলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কঠোর নির্দেশনা দেন।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পৌরসভার নীলিমা পয়েন্টসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, চিফ হুইপ পাথরঘাটাকে চাঁদাবাজ, মাদক ও কিশোরগ্যাংমুক্ত দেখতে চেয়েছেন এবং এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। পুলিশ সুপারেরও মাদক, চাঁদাবাজি ও কিশোরগ্যাং নিয়ন্ত্রণে আগামী দুই মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা রয়েছে।

ওসি বলেন, বিশেষ অভিযানে ২১ জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এসব অপরাধ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram