অনলাইন ডেস্ক: পর্তুগালের গর্ব ক্রিশ্চিয়ানো রোনালদো, প্রতীক বললেও ভুল হবে না। তার নেওয়া যে কোনো পদক্ষেপে নড়েচড়ে ওঠে ফুটবল বিশ্ব। শুধু ফুটবল অঙ্গন নয়, রাজনীতির মাঠও। জাতীয় দলের কোচ জর্জ জেসুসের সঙ্গে মনোমালিন্যের পর ক্যাম্প ছাড়ার ঘটনার রেশ পৌঁছেছিল পর্তুগালের পার্লামেন্টেও।
পেশাদার ফুটবলে এক হাজার গোলের মাইলফলকের দিকে এগিয়ে থাকা রোনালদো ইতোমধ্যে ৯৮১ গোল করেছেন। তবে সেপ্টেম্বর-অক্টোবরে আন্তর্জাতিক বিরতিতে নরওয়ের বিপক্ষে ১৮ বছর পর প্রথমবার পুরো ম্যাচ বেঞ্চে কাটিয়ে তিনি আলোচনায় আসেন। এর আগে ওয়েলসের বিপক্ষে বদলি হিসেবে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল।
নরওয়ে ম্যাচে দ্বিতীয়ার্ধে আধঘণ্টা খেলার প্রতিশ্রুতি পেয়ে গা গরম করলেও শেষ পর্যন্ত মাঠে নামেননি রোনালদো। ডেনমার্কের বিপক্ষে শুরুর একাদশে থাকার নিশ্চয়তা না পাওয়ার পর তিনি জাতীয় দলের ক্যাম্প ছাড়েন।
ঘটনাটিকে কেউ কেউ দাম্ভিকতা হিসেবে দেখলেও অনেকে রোনালদোর আচরণকে স্বাভাবিক বলে মনে করেন। পরে পর্তুগাল ফুটবল ফেডারেশন তার সঙ্গে বিরোধ মেটানোর উদ্যোগ নেয়। রোনালদো এক বিবৃতিতে সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চান, আবার পর্তুগালের জার্সি পরার ইচ্ছা জানান এবং নিজের শাস্তিও দাবি করেন।
এরপর পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাকে সাময়িক নিষিদ্ধ করে। সোমবারের আনুষ্ঠানিক সিদ্ধান্তে রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর ডেনমার্ক ম্যাচের দিন থেকে এই শাস্তি কার্যকর ধরা হয়েছে। ফলে নিষেধাজ্ঞার ১৯ দিন ইতোমধ্যে শেষ হয়েছে এবং ১৪ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের পরবর্তী ম্যাচের দুই সপ্তাহ আগেই মেয়াদ শেষ হবে।
রোনালদোকে ২৫৫ ইউরো বা ৩৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এই অর্থকে অনেকে নামমাত্র উল্লেখ করে শাস্তিটিকে ‘লোক দেখানো’ বলেছেন।
তবে ফেডারেশন শাস্তিটিকে ‘যথেষ্ট ও পর্যাপ্ত’ বলে জানিয়েছে। এফপিএফের শৃঙ্খলা কমিটি বলেছে, রোনালদোর বিবৃতিতে প্রকাশিত অনুশোচনা, ফুটবলে তার অবদান ও ক্রীড়ানৈপুণ্য বিবেচনায় নেওয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থনে তিনি নিজের পুরস্কার ও অর্জনের জীবনবৃত্তান্তও জমা দেন। আগের বিবৃতিতে দায় স্বীকার, সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা এবং শাস্তির দাবি জানানোর বিষয়টিও কমিটি বিবেচনা করেছে।

