Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

নাটোরের দুর্ঘটনায় ১৪ জন নিহত, ১০ জনের পরিচয় মিলেছে

নাটোরের দুর্ঘটনায় ১৪ জন নিহত, ১০ জনের পরিচয় মিলেছে

অনলাইন ডেস্ক: নাটোরে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১০ জনের পরিচয় মিলেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়ার নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজন মারা যান। আহত ও নিহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন রাজশাহীর গোদাগাড়ীর ফরাদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. সোহেল রানা (৪০), বাগমারার চায়পাড়া গ্রামের বাবর আলীর ছেলে আনোয়ার হক (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদ আলী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে তাসফিয়া (৮), পূর্ব সুবিদখালী গ্রামের আজাহার হাওলাদারের ছেলে মো. শহিদুল ইসলাম (৪৫), ঝিনাইদহের বরাতলা থানার বরানগড় গ্রামের মো. কালাম (৩৫), শরীয়তপুরের জাজিরার রামকৃষ্ণপুর গ্রামের জহর উদ্দিনের ছেলে জুয়েল (৪০), ডুবি সাহাবুর গ্রামের জাহান উদ্দিন মোল্লার ছেলে সালাল মোল্লা (৪৫), একই গ্রামের ইউনুসের ছেলে সোহাগ (৩০), আরব আলী ফকিরের ছেলে আব্দুস সামাদ (৭০) এবং কাজিরহাট গ্রামের রাজ্জাকের ছেলে মো. শাহিন (৩৫)। মো. কালাম পেশায় ট্রাকচালক ছিলেন।

ঘটনার কারণ অনুসন্ধান ও সংশ্লিষ্ট বিষয় তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বনপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শামীম হোসেন বলেন, বরগুনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে বেগ পেতে হয়।

নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন নাটোরের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পুলিশ সুপার মো. শরিফুল হক এবং জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।

পুলিশ সুপার মো. শরিফুল হক বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram