Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

রংপুরের পথে প্রধানমন্ত্রী

রংপুরের পথে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তিনি তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে নামবেন। সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তিন বিভাগের তিন জেলায় যাবেন। রংপুরের পর তিনি রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম সফর করবেন।

আতিকুর রহমান রুমনের ভাষ্য, বাংলাদেশের কোনো সরকারপ্রধান এই প্রথম ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। সেখানে প্রধানমন্ত্রী পূজারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।

রংপুরের পর রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় ভাষণ দেবেন তিনি।

পরে রাজশাহী থেকে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনের পর চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম নিয়ে রাতে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।

এর আগে রোববার রাতে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় ডা. জুবাইদা রহমান তার সঙ্গে ছিলেন।

আজ দুর্গাপূজার মহানবমী উদযাপিত হচ্ছে। আগামীকাল বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram