অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চলমান ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে ও আফগানিস্তান জয় দিয়ে শুরু করায় বাংলাদেশের জন্য শেষ ম্যাচটি অলিখিত ফাইনাল। জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু করেছিল তাওহীদ হৃদয়ের দল। ফাইনালে উঠতে হলে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ তাদের জিততেই হবে, এমনকি নেট রান রেট বাড়ানোর কঠিন চ্যালেঞ্জও থাকবে তাদের সামনে।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আফগানিস্তানের শক্তির প্রমাণ পেয়েছে জিম্বাবুয়ে। সেদিকুল্লাহ আতালের সেঞ্চুরি ও রশিদ খানের চার উইকেটের সুবাদে তারা জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারিয়েছে।
ইব্রাহিম জাদরানের সঙ্গে আতাল ১৪০ রানের জুটি গড়েন। আফগানিস্তান শেষ দিকে দ্রুত পাঁচ উইকেট হারালেও ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে পারেনি জিম্বাবুয়ে। ৩৮.৪ ওভারে ১৩৬ রানে অলআউট হয় তারা।
ফাইনালে জায়গা করে নিতে জিম্বাবুয়েকে ১৯৬ রান অতিক্রম করতে হতো। সেই লক্ষ্য পূরণ না হওয়ায় এখন পর্যন্ত তিন দলই প্রতিযোগিতায় টিকে আছে।
আফগানিস্তানের ইনিংসে আতাল ১০২ ও জাদরান ৯০ রান করেন। জিম্বাবুয়ের হয়ে মাসুকু ৩টি এবং ইভান্স ৩টি উইকেট নেন। জিম্বাবুয়ের ইনিংসে রাজা সর্বোচ্চ ৪৮ রান করেন। আফগানিস্তানের রশিদ খান ৪ উইকেট এবং ফারুকী ২ উইকেট নেন।

