অনলাইন ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতলেই শুধু হবে না, নেট রান রেটের হিসাবও মেলাতে হবে দলটিকে। আগে ব্যাট করলে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। আর পরে ব্যাট করলে লক্ষ্য অনুযায়ী নির্দিষ্ট ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে।
সংযুক্ত আরব আমিরাতে চলমান সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানেই গুটিয়ে যায় দলের ইনিংস। ওই হারে বাংলাদেশের নেট রান রেট নেমে যায় -১.৯৮০-এ।
এরপর ১৯ অক্টোবর আফগানিস্তানের কাছে ১৫৮ রানে হেরেছে জিম্বাবুয়ে। এতে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ তৈরি হয়েছে। আগামী ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে শেষ লিগ ম্যাচ খেলবে বাংলাদেশ।
আগে ব্যাটিং করলে বাংলাদেশকে অন্তত ৪১ রানে জিততে হবে। এতে নেট রান রেট বাড়িয়ে ফাইনালে ওঠার আশা ধরে রাখতে পারবে দলটি। পরে ব্যাটিং করলে জয়ের সময়সীমা নির্ভর করবে প্রতিপক্ষের নির্ধারিত লক্ষ্যের ওপর।
২০০ রানের লক্ষ্য পেলে ৪০.২ ওভারের মধ্যে, ২২০ রানের লক্ষ্য হলে ৪০.৫ ওভারের মধ্যে এবং ২৪০ রানের লক্ষ্য হলে ৪১.১ ওভারের মধ্যে জয় পেতে হবে বাংলাদেশকে। ২৫০ রানের লক্ষ্য হলে ৪১.৩ ওভার, ২৬০ রানে ৪১.৪ ওভার, ২৭০ রানে ৪১.৫ ওভার, ২৮০ রানে ৪২ ওভার এবং ৩০০ রানের লক্ষ্য হলে ৪২.২ ওভারের মধ্যে জিততে হবে।
তিন দলের এই প্রতিযোগিতায় লিগ পর্বে প্রতিটি দল অন্য দুই দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলছে। লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে খেলবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।

