Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বিরতির আগে লিড নিয়েও জয়খরা কাটাতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড

বিরতির আগে লিড নিয়েও জয়খরা কাটাতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড

অনলাইন ডেস্ক: প্রিমিয়ার লিগে বহুল প্রতীক্ষিত জয়ের জন্য এল্যান্ড রোডে মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু সব ধরনের প্রতিযোগিতায় ৪৯ দিনের জয়খরা তারা কাটাতে পারেনি। সব মিলিয়ে টানা ছয় ম্যাচ ও লিগে ৫ ম্যাচে জয়হীন থাকল মাইকেল ক্যারিকের দল।

লিডস ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রায়ান এমবেউমোর গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল তারা। তবে ডমিনিক কালভার্ট-লেভিনের সমতাসূচক গোলে তিন পয়েন্ট পাওয়া হয়নি।

এই মৌসুমে আগের ছয় লিগ ম্যাচে মাত্র একটি জয় পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২৪ বছরে প্রথমবার ঘরের মাঠে জয়ের আশা করেছিল লিডস সমর্থকেরা। বোর্ড কর্তাদের তীব্র সমালোচনা করে আলোচনায় থাকা লিসান্দ্রো মার্টিনেজ ক্ষমা চাওয়ার পরও এই ম্যাচে শুরুর একাদশে ছিলেন।

শুরুর দিকে এমবেউমো একটি হেডে লক্ষ্যভ্রষ্ট হন। পরে ইউরি তিয়েলেমান্সের নিচু ক্রস থেকে মৌসুমের চতুর্থ গোল করেন তিনি। চলতি মৌসুমে লিগে প্রথমবার বিরতির আগে এগিয়ে যায় ম্যানইউ।

লিডসও প্রথমার্ধে দুটি সুযোগ নষ্ট করে। আও টানাকার প্রচেষ্টা সহজেই রুখে দেন সেনে লামেন্স। এরপর কালভার্ট-লেভিনের হেড গোলভারের পাশ দিয়ে যায়।

৫১তম মিনিটে সমতায় ফেরে লিডস। কর্নার থেকে মুহারেমোভিচের হেডে পাওয়া বল বক্সের প্রান্তে নিয়ন্ত্রণে নিয়ে এমবেউমোর চ্যালেঞ্জ সামলে জোরালো শটে গোল করেন কালভার্ট-লেভিন।

এরপর ম্যানচেস্টার ইউনাইটেড চাপে পড়ে গেলে লিডস সমর্থকেরা উল্লাস বাড়িয়ে দেন। তানাকা ও নোয়া ওকাফোরের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ম্যাচের শেষ দিকে গোলমুখের জটলার পর স্টাচের নিচু শট আটকে দেন লামেন্স। ফলে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিডসের জয়ের ২৪ বছরের অপেক্ষা আরও দীর্ঘ হলো।

সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে লিডস।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram