Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

টম ক্রুজের সিনেমার ব্যর্থতায় উল্লাসে আপত্তি বেন অ্যাফ্লেকের

টম ক্রুজের সিনেমার ব্যর্থতায় উল্লাসে আপত্তি বেন অ্যাফ্লেকের

অনলাইন ডেস্ক: বড় বাজেটের কোনো সিনেমা বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলে আলোচনা-সমালোচনা হওয়াই স্বাভাবিক। কিন্তু সেই ব্যর্থতা নিয়ে উল্লাসে মেতে ওঠা কতটা যুক্তিসংগত? টম ক্রুজ অভিনীত ‘ডিগার’ বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে না পারার পর এমন প্রশ্নই তুলেছেন অভিনেতা ও নির্মাতা বেন অ্যাফ্লেক। তার মতে, কোনো সিনেমার আর্থিক সাফল্য-ব্যর্থতাকেই বিচারের প্রধান মাপকাঠি করে তুললে নির্মাতারা নতুন ধরনের গল্প বলার ঝুঁকি নিতে নিরুৎসাহিত হবেন। এতে চলচ্চিত্রের সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

সম্প্রতি এক পডকাস্টে ‘ডিগার’ নিয়ে নিজের অসন্তোষের কথা জানান অ্যাফ্লেক। টম ক্রুজের গত প্রায় দুই দশকের সিনেমাগুলোর মধ্যে উত্তর আমেরিকায় সবচেয়ে কম উদ্বোধনী আয় করা ছবিগুলোর একটি ‘ডিগার’। গত ২ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাওয়া সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী আয় করতে না পারায় শুরু হয় সমালোচনা ও বিদ্রূপ।

অ্যাফ্লেকের মতে, দর্শক ও সমালোচকেরা যখন কোনো সিনেমাকে মূলত আয়ের হিসাব দিয়ে বিচার করেন, তখন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো নতুন ধরনের গল্পের বদলে পরিচিত ছকে নির্মিত সিনেমার দিকে ঝুঁকতে পারে। তার ভাষ্য, ব্যতিক্রমী ও মানসম্পন্ন সিনেমা নির্মাণের জন্য ঝুঁকি নেওয়া জরুরি। সব বড় প্রকল্প প্রত্যাশিত আর্থিক সাফল্য পাবে না—এটাই স্বাভাবিক। তবে ব্যর্থতার ভয়ে নির্মাতারা ঝুঁকি নেওয়া বন্ধ করলে হলিউডে একঘেয়ে, নিরাপদ ও অনুমানযোগ্য সিনেমাই প্রাধান্য পেতে পারে।

আলেহান্দ্রো গনসালেস ইনারিতু পরিচালিত ‘ডিগার’-এ ডিগার রকওয়েল নামের এক খ্যাপাটে তেল ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। সিনেমাটিতে তাকে একজন বুড়ো মানুষের অবতারে দেখা গেছে। ওই তেল ব্যবসায়ীর কর্মকাণ্ডের জেরে বিশ্বজুড়ে পরিবেশগত সংকট তৈরি হয়। এতে করপোরেট লোভ ও গল্প বলার নিয়ন্ত্রণের মতো বিষয় উঠে এসেছে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রিজ আহমেদ, জন গুডম্যান, সান্দ্রা হুলার, মাইকেল স্টালবার্গ ও জেসি প্লেমন্স।

বড় বাজেটের ছবিটির আয় নির্মাতাদের প্রত্যাশার ধারেকাছেও পৌঁছায়নি। এএফপির তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দুই সপ্তাহে উত্তর আমেরিকায় ছবিটির আয় প্রায় ১ কোটি ৪৪ লাখ ডলার এবং বিশ্বব্যাপী আয় ৩ কোটি ৫৩ লাখ ডলার। ‘ভ্যারাইটি’-র হিসাব অনুযায়ী, ছবিটির নির্মাণে ব্যয় হয়েছে আনুমানিক ১৬ থেকে ১৮ কোটি ডলার। প্রচারে খরচ হয়েছে আরও প্রায় ১০ কোটি ডলার।

সব মিলিয়ে বড় অঙ্কের লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে। অ্যাফ্লেকের বক্তব্য, এমন আর্থিক ফলের কারণে কোনো সৃজনশীল প্রচেষ্টাকে নিরুৎসাহিত করা হলে ক্ষতি শুধু সংশ্লিষ্ট নির্মাতার নয়, পুরো সিনেমাশিল্পেরই।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram