Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, রিয়ালের গুলারকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল?

রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, রিয়ালের গুলারকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল?

অনলাইন ডেস্ক: রিয়াল মাদ্রিদ বনাম সেভিয়া ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করে বিতর্কের জন্ম দেন আরদা গুলার। রেফারি মাতেও বুসকেটস ফেরার তুর্কি মিডফিল্ডারকে মাঠ থেকে বহিষ্কার করেননি। এর কয়েক মিনিট পর গুলারের গোলেই সান্তিয়াগো বার্নাব্যুতে এগিয়ে যায় রিয়াল।

২২তম মিনিটে মাঝমাঠে দৌড়ানোর সময় গুলারের জার্সি টেনে ধরেন সেভিয়ার পেকে। নিজেকে ছাড়াতে গিয়ে গুলার তার মুখে কনুই দিয়ে আঘাত করেন। ওই সময় দুই খেলোয়াড়ই সেভিয়ার গোলের দিকে এগোচ্ছিলেন এবং বল সরাসরি ওই চ্যালেঞ্জের সঙ্গে জড়িত ছিল না। পেকে মাটিতে পড়ে গেলে সেভিয়ার খেলোয়াড়রা গুলারকে লাল কার্ড দেখানোর দাবি জানান।

ঘটনাটি প্রায় দুই মিনিট ধরে ভিএআরে পর্যালোচনা করেন রেফারি। এরই মধ্যে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়। মাটিতে পড়ে থাকা পেকে আক্রমণাত্মকভাবে টেনে তোলার চেষ্টা করেন ডিন হুইসেন। পরে হাঙ্গামা থামাতে হুইসেন ও ফেলিক্স কোরেইয়াকে হলুদ কার্ড দেখান ফেরার।

ভিএআর পর্যালোচনার পর জানানো হয়, গুলারের চ্যালেঞ্জটি স্পষ্ট নয় এবং লাল কার্ড দেওয়ার মতো নয়। ফলে গুলার কোনো শাস্তি পাননি।

এই সিদ্ধান্তে সেভিয়ার ক্ষোভ আরও বাড়ে, কারণ বিতর্কিত ঘটনার আট মিনিট পর গুলারই রিয়ালের হয়ে গোল করেন। সেভিয়ার দাবি, গুলারকে লাল কার্ড দেখানো হলে ১০ জনের রিয়ালের বিপক্ষে ম্যাচের ফল ভিন্ন হতে পারত।

এর ছয় মিনিট পর রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে। তবে ওই গোলের বিল্ডআপে রবি উরেকে ফাউল করা হয়েছিল বলে দাবি জানায় সেভিয়া। রেফারি ফেরার গোলটি বহাল রাখেন। ফলে বার্নাব্যুতে দুটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram