Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড

অনলাইন ডেস্ক: চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে আটক ২৪ জেলের মধ্যে ২২ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল, ছয়টি মাছ ধরার নৌকা ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) সকালে সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

অভিযানে অংশ নেওয়া সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, মা ইলিশের প্রজনন রক্ষায় রোববার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালানো হয়। জেলা ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তাদের তত্ত্বাবধানে সদর উপজেলার আনন্দবাজার, লালপুর, কাচিকাটা, চিরাচর, হরিসভা, রনাগোয়াল ও দোকানঘর-বহরিয়া এলাকায় অভিযান পরিচালিত হয়।

মিজানুর রহমানের তথ্যমতে, চিরাচর এলাকা থেকে ১৮ জন এবং দোকানঘর এলাকা থেকে ছয় জেলেকে আটক করা হয়। পরে রাত ১২টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসে। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল, মো. রহমত উল্লাহ ও তানভীর রাব্বীর নেতৃত্বে আদালত পরিচালিত হয়।

আদালত ২২ জেলেকে ১২ দিন করে কারাদণ্ড এবং প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করেন। আটক অপর দুই জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সহকারী মৎস্য কর্মকর্তা জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ কারেন্টজাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। জব্দ ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে। ছয়টি নৌকা কোস্টগার্ডের হেফাজতে রয়েছে।

দণ্ডপ্রাপ্ত জেলেদের বাড়ি চাঁদপুর ও পার্শ্ববর্তী শরীয়তপুর জেলায়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram