Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ জানাল বোর্ড, রয়েছে বিশেষ নির্দেশনা

২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ জানাল বোর্ড, রয়েছে বিশেষ নির্দেশনা

অনলাইন ডেস্ক: ২০২৭ সালের এসএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেওয়া যাবে আগামী ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। এছাড়া বিলম্ব ফিসহ ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ চলবে।

শনিবার (১৭ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে নিয়মিত, অনিয়মিত, জিপিএ উন্নয়ন এবং বহিষ্কৃত পরীক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী

২০২৫-২০২৬ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নেবে। ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীদের মধ্যে যারা ২০২৫ ও ২০২৬ সালের পরীক্ষায় অংশ নেয়নি, তারা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবে। তাদের নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা হবে না।

২০২৬ সালের পরীক্ষায় সব বিষয়ে অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে চতুর্থ বিষয় বাদে এক থেকে চার বিষয়ে অকৃতকার্যরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অকৃতকার্য বিষয় বা বিষয়গুলোতে অংশ নিতে পারবে। চাইলে তারা সব বিষয়েও পরীক্ষা দিতে পারবে।

২০২৫ সালের পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে এক থেকে তিন বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে যারা ২০২৬ সালের পরীক্ষায় অংশ নেয়নি বা অংশ নিয়েও আবার অকৃতকার্য হয়েছে, তারা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে পূর্বের অকৃতকার্য বিষয় বা সব বিষয়ে অংশ নিতে পারবে। আংশিক বিষয়ে অংশগ্রহণকারীরা চতুর্থ বিষয়ে পরীক্ষা দিতে পারবে না।

রেজিস্ট্রেশন নবায়ন ও জিপিএ উন্নয়ন

২০২২-২০২৩ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীদের মধ্যে যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু চতুর্থ বিষয় বাদে একটি বিষয়ে অকৃতকার্য রয়েছে, তারা বিশেষ বিবেচনায় এক বছরের জন্য রেজিস্ট্রেশন নবায়ন করে ২০২৭ সালের পরীক্ষায় ওই বিষয়ে অংশ নিতে পারবে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে ফরম পূরণের আগে মূল রেজিস্ট্রেশন কার্ড বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে জমা দিয়ে নবায়নকৃত কার্ড সংগ্রহ করতে হবে।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশ নিয়ে উত্তীর্ণ হলেও জিপিএ-৫-এর কম পাওয়া শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে জিপিএ উন্নয়নের সুযোগ পাবে। তাদের ২০২৬ সালের পূর্ণাঙ্গ সিলেবাসে সব বিষয়ে পরীক্ষা দিতে হবে। জিপিএ উন্নয়ন হলে নতুন ফল গ্রহণ করা হবে, অন্যথায় আগের জিপিএ বহাল থাকবে। এ পরীক্ষার্থীদের আগের প্রবেশপত্র ও অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

বহিষ্কৃত পরীক্ষার্থী ও সিলেবাস

বহিষ্কৃত পরীক্ষার্থীদের শাস্তির মেয়াদ শেষ হয়ে থাকলে এবং রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে। তাদের সব বিষয়ে পরীক্ষা দিতে হবে।

অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র হবে ২০২৭ সালের সিলেবাস অনুযায়ী। জিপিএ উন্নয়ন ও ইতোমধ্যে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য পরীক্ষার্থী ছাড়া অন্য সবার জন্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram