Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বাবুগঞ্জে ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

বাবুগঞ্জে ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক: চোখের সমস্যা ও মাথাব্যথার চিকিৎসা নিতে গিয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কলেজ গেট এলাকার এক ব্যক্তির কাছে যান সালেহা বেগম। ডিভাইসে হাত রেখে রোগ নির্ণয়ের পদ্ধতিতে চিকিৎসা নেওয়ার পর তিনি জানতে পারেন, চিকিৎসক পরিচয় দেওয়া ওই ব্যক্তির যোগ্যতা ও কাগজপত্র ভুয়া।

সালেহা বেগমের মতো সাধারণ মানুষের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ উঠেছে আলীমুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ল্যাপটপ ও বিশেষ ডিভাইস ব্যবহার করে রোগ নির্ণয়ের দাবি করে প্রায় ১৫ বছর ধরে বরিশালের বিভিন্ন এলাকায় রোগী দেখে আসছিলেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে বাবুগঞ্জ উপজেলার কলেজ গেট এলাকার এনএমএস ফার্মেসিতে রোগী দেখার সময় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়। আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তার ব্যবহৃত চিকিৎসার সরঞ্জাম ও কাগজপত্র জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, চিকিৎসক হিসেবে নিজের যোগ্যতার পক্ষে আলীমুল ইসলাম বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তার ব্যবস্থাপত্রে নামের আগে ‘ডা.’ লেখা ছিল। সেখানে এমবিইএইচ (ভারত), ডিএমএফ (ঢাকা) এবং কলকাতার এনআরএস মেডিকেল কলেজে প্রশিক্ষণের তথ্য উল্লেখ করা হয়। মেডিসিন, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগের চিকিৎসায় অভিজ্ঞ বলেও দাবি করতেন তিনি।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যাচাইয়ের পর তার দেখানো কাগজপত্র ভুয়া বলে শনাক্ত হয়েছে। খবর পেয়ে ইউএনও আসমা উল হুসনার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও তামিম মল্লিক ও মেডিকেল অফিসার তূর্য অধিকারী উপস্থিত ছিলেন।

মেডিকেল অফিসার তূর্য অধিকারী বলেন, আলীমুল ইসলামের কাগজপত্র যাচাই করে সেগুলো ভুয়া পাওয়া গেছে। চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

ইউএনও আসমা উল হুসনা বলেন, চিকিৎসক না হয়েও চিকিৎসক পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগে অভিযান চালানো হয়। আলীমুল ইসলাম প্রায় ১৫ বছর ধরে এভাবে প্রতারণা করে আসছেন বলে স্বীকার করেছেন। প্রথমবারের মতো তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে চিকিৎসাসংক্রান্ত কার্যক্রমে জড়িত না হওয়ার শর্তে তাকে কারাদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram