অনলাইন ডেস্ক: এশিয়ান গেমসে স্বর্ণজয়ী ভারতীয় দলের হয়ে খেললেও জাতীয় দলের হয়ে টানা আটটি টি-টোয়েন্টিতে বেঞ্চে কাটিয়েছেন ১৫ বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের সিরিজের পর বিষয়টি নিয়ে কথা বলেছেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। বৈভবকে নিজের সুযোগের জন্য অপেক্ষা করতে বলেছেন তিনি।
ভারতের টি-টোয়েন্টি দলে আগে থেকেই ওপেনিংয়ে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের জুটি রয়েছে। দুজনই টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এবং ধারাবাহিক ফর্মে আছেন। বৈভবকে সেই বিষয়টি মনে করিয়ে দিয়েছেন আইয়ার।
সর্বশেষ ২০২৬ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ৭৭৬ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন বৈভব। এটি ছিল আইপিএলে তার দ্বিতীয় আসর। জাতীয় দলের টি-টোয়েন্টি সিরিজে ডাক পাওয়ার পর তিনি এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন। ইংল্যান্ড ও জিম্বাবুয়ে সিরিজে মাঠে নামলেও আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ আট ম্যাচে একাদশের বাইরে ছিলেন।
ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ ২-২ সমতায় শেষ হওয়ার পর আইয়ার বলেন, বৈভব তার সুযোগ পাবেন এবং দলে থাকা দুই ওপেনার ধারাবাহিকভাবে রান করায় সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।
পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ৯ ওভারে কমিয়ে দেওয়া ম্যাচে ভারত ৭.৪ ওভার ব্যাট করে ১১৮ রান তোলার পর আবার বৃষ্টি নামে। এর আগে সিরিজ ২-২ সমতায় থাকায় ট্রফি ভাগাভাগি করে দুই দল।
ওপেনিংয়ে বৈভবের প্রতিদ্বন্দ্বী মূলত সঞ্জু স্যামসন। ক্যারিবীয় সিরিজে ডানহাতি এই ব্যাটার ৩৩.৬ গড় ও ১৯৫.৩৪ স্ট্রাইকরেটে ১৬৮ রান করেছেন। আইয়ার বৈভবকে নিজের প্রস্তুতি ও প্রক্রিয়ায় ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শ দিয়েছেন।
এশিয়ান গেমসে স্যামসন তিন নম্বরে ব্যাট করায় ওপেন করার সুযোগ পেয়েছিলেন বৈভব। দুই ম্যাচে ১৭৬.৬৬ স্ট্রাইকরেটে তিনি করেছিলেন ৫৩ রান। এর পরও পুরো ক্যারিবীয় সিরিজে দর্শক হয়ে থাকতে হয়েছে তাকে। এক মাস আগে কোচ গৌতম গম্ভীরও বৈভবকে সুযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে বলেছিলেন।

