অনলাইন ডেস্ক: নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে বলে মন্তব্য করেছেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।
শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তাসনিম জারা অভিযোগ করেন, অস্ত্র হাতে মানুষকে ধাওয়া করা একজন ব্যক্তি সরকারের প্রতিমন্ত্রী। সেই ভিডিও ওই ব্যক্তির নিজের পেজ থেকেই প্রচার করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তার ভাষ্য, প্রকাশ্যে এমন আচরণ করা মানুষ কীভাবে দেশ শাসনের দায়িত্ব পান, সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমাজে যোগ্য ও দায়িত্বশীল মানুষ থাকলেও তাদের নির্বাচনে দাঁড়ানো, প্রতিদ্বন্দ্বিতা করা এবং জিতে সংসদে যাওয়ার বাস্তব সুযোগ প্রায় বন্ধ করে রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।
তাসনিম জারা লেখেন, নতুন স্বতন্ত্র প্রার্থীকে শুরুতেই হাজার হাজার মানুষের স্বাক্ষর সংগ্রহ করতে হয়। অন্যদিকে দলীয় মনোনয়নের জন্য দলগুলোর কাছে তদবির করতে হয়। দলগুলো কীভাবে ও কাদের মনোনয়ন দেয়, তা দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, মনোনয়ন বৈধ হওয়ার পর নির্বাচনী ব্যয়ের সীমার মধ্যে প্রচার চালাতে হয় আইন মেনে চলা প্রার্থীকে। তবে প্রভাবশালী প্রার্থীরা সীমা অতিক্রম করে অর্থ ব্যয় করলেও কমিশন তা উপেক্ষা করে বলে অভিযোগ করেন তিনি।
তার মতে, ভোটের দিন কেন্দ্রের নিরাপত্তা ও অনিয়ম প্রতিরোধের দায়িত্ব রাষ্ট্রের হলেও বাস্তবে তা প্রার্থীর ওপর এসে পড়ে। প্রতিপক্ষের পেশিশক্তি মোকাবিলা, নিজের ভোট রক্ষা এবং বৈধ পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধার মতো পরিস্থিতির কারণে সাধারণ নাগরিকের প্রতিদ্বন্দ্বিতা কঠিন হয়ে যায়।
তাসনিম জারা বলেন, অস্ত্র, গুন্ডাবাহিনী, বিপুল অর্থ বা প্রভাব যাদের আছে, এই ব্যবস্থায় তারাই এগিয়ে থাকেন। ভালো মানুষ রাজনীতিতে আসেন না কেন—এমন প্রশ্ন তোলার আগে নির্বাচনী ব্যবস্থা সংশোধন করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

