Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অনলাইন ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের সেন্টারব্যাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আঘাত পেয়েছিলেন চেলসির আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। চেলসির ২-০ গোলের জয় ম্লান হয়ে যায় তার ইনজুরিতে। দ্বিতীয়ার্ধে তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে হাসপাতালে নেওয়া হয়। এরপর চোয়ালে ফাটল ধরা পড়লে অস্ত্রোপচার করাতে হয়েছে তার। এ চোট থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন তিনি।

এভারটনের ফ্রি কিক ঠেকাতে পাঞ্চ করতে গেলে দলটির সেন্টারব্যাক জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে আহত হন মার্টিনেজ। প্রায় ১০ মিনিট মাঠে পড়ে থাকার পর তাকে স্ট্রেচারে করে বাইরে নেওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি ক্লিনিকে নেওয়া হলে সিটি স্ক্যানে ঘাড়, পিঠ ও মাথার খুলিতে উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি। তবে চোয়ালে ফাটল ধরা পড়ে, যার জন্য অস্ত্রোপচার প্রয়োজন হয়।

সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মাঠে ফিরতে মার্টিনেজকে প্রায় দেড় মাস পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে। তা হলে চেলসির আসন্ন কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না তিনি। বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়েও খেলা হবে না তার। আগামী নভেম্বরের মাঝামাঝি উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচ রয়েছে আর্জেন্টিনার।

অস্ত্রোপচার সফলভাবে শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর ইনস্টাগ্রামে নিজের অবস্থার কথা জানান মার্টিনেজ। হাসপাতালের বেডে শুয়ে থাকা একটি ছবির সঙ্গে তিনি লেখেন, “যারা বার্তা পাঠিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা। অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ক্লিনশিট ধরে রেখে ম্যাচ জিতেছি। কয়েক সপ্তাহের মধ্যেই ফিরব।”

মার্টিনেজের প্রতি সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মার্টিনেজের দ্রুত সুস্থতা কামনা করেন এবং আগের চেয়েও শক্তিশালী হয়ে ফেরার প্রত্যাশা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram