অনলাইন ডেস্ক: ক্রীড়াক্ষেত্রে অবদান ও যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার স্বীকৃতি হিসেবে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন চাঁদপুরের শাহরাস্তির ক্রীড়া সংগঠক সাদ্দাম হোসেন মিঠু। শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও শাহরাস্তি প্রিমিয়ার লিগের (এসপিএল) এই পরিচালক গতকাল (শনিবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার ও সম্মাননা স্মারক গ্রহণ করেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন। সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের অবদানকে উৎসাহিত করতে এই পুরস্কার দেওয়া হয়। ২০২৬ সালে আট ক্যাটাগরিতে দেশের ১৫ জন তরুণ-তরুণীকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।
তৃণমূল ক্রিকেটে ভূমিকা
শাহরাস্তি উপজেলা পর্যায়ে ক্রিকেটের বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করছেন মিঠু। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত শাহরাস্তি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় তরুণদের ক্রিকেটার হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে। একাডেমির বেশ কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যে ঢাকার বিভিন্ন ক্লাবে খেলার সুযোগ পেয়েছেন।
স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট আয়োজনেও ভূমিকা রাখছেন তিনি। তাঁর পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে শাহরাস্তি প্রিমিয়ার লিগ (এসপিএল)। ২০২৩ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের আয়োজন ও মাঠের সাজসজ্জা ক্রীড়াপ্রেমীদের নজর কেড়েছে। প্রতিযোগিতায় জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ও সংগীতশিল্পী আসিফ আকবরের উপস্থিতি আয়োজনটিতে বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
যুবসমাজকে মাদক ও জুয়ার নেতিবাচক প্রভাব থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তোলাকে নিজের উদ্যোগের অন্যতম লক্ষ্য হিসেবে দেখেন মিঠু। ক্রিকেটের মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে অবকাঠামো ও প্রতিযোগিতার সুযোগ তৈরিতে কাজ করছেন তিনি।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে মিঠু বলেন, এটি তাঁর জীবনের অন্যতম সেরা মুহূর্ত এবং স্বপ্নের মতো। এই অর্জন তাঁকে আগামী দিনে আরও বড় পরিসরে তরুণদের সঙ্গে নিয়ে খেলাধুলার প্রচার ও প্রসারে কাজ করতে অনুপ্রাণিত করবে বলেও জানান তিনি।

