অনলাইন ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ। শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তিনি মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত ও সমস্যার কথা শোনেন।
পরিদর্শন শেষে ডিআইজি বলেন, রংপুর বিভাগের সব পূজামণ্ডপের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
কোনো মণ্ডপে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে বলে জানান তিনি। পূজা উদ্যাপন কমিটির নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান ডিআইজি।
নারী-পুরুষ নির্বিশেষে সবাই যাতে নির্বিঘ্নে পূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, এখন পর্যন্ত কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখা যায়নি।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিমসহ অন্যান্য ধর্মের মানুষও পূজা উদ্যাপনে সহযোগিতা করছেন। গণমাধ্যমকর্মীরাও সহযোগিতা করছেন বলে উল্লেখ করেন তিনি।
ঠাকুরগাঁওয়ে একই সময়ে মন্দিরে পূজা এবং মসজিদে আজান দিয়ে নামাজ আদায়ের কথা উল্লেখ করে ডিআইজি বলেন, সবাই পরস্পরকে সহযোগিতা করছেন। এই মনোভাব নিয়েই দেশকে ভালোবেসে যাওয়ার কথা বলেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) মো. বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী এবং ট্রাফিক শাখার পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. হাসান আসকরীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁওয়ে এ বছর মোট ৪৭৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১২৭টি, পীরগঞ্জে ১২০টি, বালিয়াডাঙ্গীতে ৬৩টি, রানীশংকৈলে ৫৫টি, হরিপুরে ২০টি, রুহিয়ায় ২৮টি এবং ভুল্লীতে ৬৪টি মণ্ডপ রয়েছে।

