অনলাইন ডেস্ক: লিস্ট ‘এ’ বা আন্তর্জাতিক ওয়ানডের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা এখনও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের দখলে। অস্ট্রেলিয়ান এই ব্যাটার এবার নিজ দেশে দ্রুততম হাফসেঞ্চুরি করলেন স্রেফ ১৪ বলে। যদিও লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি সবমিলিয়ে চতুর্থ দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। ম্যাকগার্কের সেই ইনিংস ৬৩ বলে ১০ চার ও ৯ ছক্কায় ১২২ রানে থেমেছে।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে কাপের ম্যাচে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে এই ইনিংস খেলেন ২৪ বছর বয়সী ফ্রেজার-ম্যাকগার্ক। তার ১২২, নাথান ম্যাকসুইনির ১০৬ এবং জ্যাক লেহম্যানে ৫৮ রানের ওপর ভর করে দক্ষিণ অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৭ উইকেটে ৩৯৭ রান করে। জবাবে কুইন্সল্যান্ড ২৭১ রানে অলআউট হলে ১২৬ রানে জয় পায় দক্ষিণ অস্ট্রেলিয়া।
রেকর্ড ভাঙার সুযোগ হাতছাড়া
আগ্রাসী ব্যাটিংয়ে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন ফ্রেজার-ম্যাকগার্ক। ইনিংসের দ্বিতীয় ওভারে টম স্ট্রাকারের বলে ২২ রান এবং চতুর্থ ওভারে টম হুইটনির বলে ১৬ রান নেন তিনি। ষষ্ঠ ওভারে হেইডেন কারের বলে একটি ছক্কা ও একটি চার মেরে ১৪ বলেই অর্ধশতক পূর্ণ করেন। ২০২৩ সালে গড়া তার ১৮ বলের আগের রেকর্ডের চেয়েও এটি দ্রুত।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড বৈভব সূর্যবংশীর—৫০ ওভারের ম্যাচে ১১ বলে। ফ্রেজার-ম্যাকগার্কের ১৪ বলের হাফসেঞ্চুরি তাই তালিকায় যৌথভাবে চতুর্থ।
ম্যাকগার্কের সামনে ২৯ বলে সেঞ্চুরি করার সুযোগও তৈরি হয়েছিল। পরের আট বলে চারটি চার ও একটি ছক্কায় ২২ থেকে ৭৫ রানে পৌঁছান তিনি। তবে কুইন্সল্যান্ডের অধিনায়ক মিচেল সোয়েপসন নবম ওভারে পাঁচ বল করে তাকে মাত্র এক রান দেন। শেষ পর্যন্ত ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ম্যাকগার্ক।

