অনলাইন ডেস্ক: কুমিল্লায় যুবদল কর্মী আবু কাউছারকে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যায় সরাসরি জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন গোমতী নদীর পাড়ে কফিশপ নির্মাণের বিরোধের জেরে কুপিয়ে হত্যা করা হয় যুবদল কর্মী আবু কাউছারকে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরীর কাপ্তান বাজার এলাকার খোরশেদ আলমের ছেলে তৌহিদ ও তাঁর বড়ভাই তানজির।
পুলিশ সুপার বলেন, আদর্শ সদর উপজেলার ছত্রখিল এলাকায় উপজেলা মডেল মসজিদের বিপরীতে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন একটি জায়গা নিয়ে কাউছার ও তাঁর বন্ধু শামীমের সঙ্গে তৌহিদ ও তানজিরের বিরোধ ছিল। ঘটনার দিন শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তৌহিদ, তানজিরসহ কয়েকজন সেখানে কফির দোকান নির্মাণের কাজ করছিলেন। কাউছার বাধা দিতে পারেন—এমন আশঙ্কায় আগে থেকেই দেশীয় অস্ত্র ঘটনাস্থলে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানানো হয়।
হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেপ্তারে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) অভিযান শুরু করে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের নুরপুর এলাকা থেকে তৌহিদকে গ্রেপ্তার করে পুলিশ। একই রাতে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তানজিরকে গ্রেপ্তার করে এসআরবি-১১।
পুলিশের তথ্য অনুযায়ী, তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ মোট সাতটি মামলা রয়েছে এবং এসব মামলায় তিনি জামিনে ছিলেন। তানজিরের বিরুদ্ধে একটি মামলার তথ্য পাওয়া গেছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গত শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় আবু কাউছারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড়ভাই কবির হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেছেন।
সংবাদ সম্মেলনে এসআরবি-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

