অনলাইন ডেস্ক: কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধি মনোনীত করার অভিযোগে ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব মোহাম্মদ শাহাদাত হোসেনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা যুবদলের সঙ্গে সমন্বয় না করে ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধি মনোনীত করার মাধ্যমে সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন, জেলা যুবদলের সঙ্গে আলোচনা না করেই ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব ইউনিয়ন পর্যায়ে একটি প্রতিনিধি দলের তালিকা প্রকাশ করেছিলেন। কেন্দ্র থেকে এ ধরনের তালিকা প্রকাশ না করার নির্দেশনা ছিল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র তাদের অব্যাহতি দিয়েছে।

