অনলাইন ডেস্ক: লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনি বন্দরশহর হোদেইদায় ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের অস্ত্র চোরাচালান অপারেশনে হামলা করেছে সৌদি-ইয়েমেন প্রতিরক্ষা জোট। গত ১৬ অক্টোবর শুক্রবার এ ঘটনা ঘটে।
হামলার একটি ভিডিও প্রকাশ করেছে জোট। প্রায় ছয় মিনিটের সাদা-কালো ভিডিওটির শুরুতে তারিখ ও স্থানের উল্লেখ রয়েছে। এতে ট্রাক, ছোট নৌকা এবং সম্ভবত গুদাম হিসেবে ব্যবহৃত স্থাপনায় বিমান হামলার দৃশ্য দেখা যায়।
শনিবার মধ্যরাতের কিছু আগে সৌদি সেনা কর্মকর্তা ও সৌদি-ইয়েমেন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি তাঁর এক্স অ্যাকাউন্টে ফুটেজটি প্রকাশ করেন। তবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু, চোরাচালান করা অস্ত্রের ধরন বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জোট বিস্তারিত জানায়নি।
ইয়েমেনের পশ্চিম উপকূলে অবস্থিত হোদেইদাহ লোহিত সাগরের একটি কৌশলগত বন্দর। শহরটি ও আশপাশের এলাকা বর্তমানে হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে এবং ইয়েমেনের চলমান সংঘাতের অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত।
ইরান-সমর্থিত হুথিরা ২০১৪ সালের সেপ্টেম্বরে রাজধানী সানা দখলের পর থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে লড়াই করছে। গোষ্ঠীটি সৌদি আরবের সামরিক স্থাপনা ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বাব আল-মান্দেব প্রণালী ও সংলগ্ন সামুদ্রিক অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত করার হুমকি দিয়েছে হুথিরা। এই প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে এবং সুয়েজ খালের মাধ্যমে ইউরোপ ও এশিয়ার জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথ।
তাইজে লড়াই অব্যাহত
ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, তাইজ প্রদেশের বিভিন্ন ফ্রন্টে সরকারি বাহিনী হুথি যোদ্ধাদের ওপর বড় ধরনের আঘাত হেনেছে। সেখানে টানা ৪২তম দিনের মতো লড়াই চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী দাবি করেছে, তাইজ শহরের দক্ষিণে আল-শাকাব ফ্রন্টে হুথিদের বড় আক্রমণ ব্যর্থ করে দেওয়া হয়েছে। ওই লড়াইয়ে বহু মিলিশিয়া সদস্য নিহত বা আহত হয়েছে এবং আক্রমণকারীরা পিছু হটতে বাধ্য হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।
সেনাবাহিনী আরও জানিয়েছে, আল-আকরুদ, জাবাল হান ও আল-দাবাব ফ্রন্টে লড়াই অব্যাহত রয়েছে। গভর্নরেটটিতে হুথিদের অবস্থান, জমায়েত, নতুন সৈন্যদল ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে বিমান হামলাও চালানো হয়েছে বলে তারা জানিয়েছে।

