অনলাইন ডেস্ক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ মাঠে গড়াচ্ছে আজ (শনিবার)। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। আবুধাবিতে ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫টায় শুরু হবে। এই ম্যাচের আগে জ্বরে ভুগছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। যদিও ঠিক সময়ে তিনি রিকভার করবেন বলে আশা বাংলাদেশ অধিনায়কের, এ ছাড়া মোসাদ্দেক হোসেন সৈকতকে তিনি ভালো বিকল্প হিসেবে দেখছেন।
মিরাজের ফিটনেস নিয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস জানান, তার জ্বর আছে। তবে ম্যাচের আগে তিনি সুস্থ হয়ে খেলতে পারবেন বলে আশা করছেন লিটন। মিরাজ খেলতে না পারলে ছয় নম্বরের ব্যাটার মোসাদ্দেক হোসেন সৈকতকে ভালো বিকল্প হিসেবে দেখছেন তিনি।
বাংলাদেশের বর্তমান স্কোয়াডের সামর্থ্য নিয়ে লিটন বলেন, দলটি ভালো সিরিজ খেলেছে। ঘরের মাঠে দলের খেলার ধরনও ভালো ছিল। তার মতে, দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছেন; সিনিয়ররা নিজেদের সেরাটা দিতে পারলে সবকিছু করা সম্ভব।
উইকেট নিয়ে লিটনের ধারণা
আবুধাবিতে সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছে বাংলাদেশ। ওই মাঠের উইকেট প্রসঙ্গে লিটন জানান, সিরিজের উইকেট খুব বেশি আলাদা হওয়ার কথা নয়। তার আশা, ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য থাকবে এমন ভালো উইকেট পাওয়া যাবে।
ত্রিদেশীয় সিরিজে নিজেদের ফেভারিট হিসেবে দাবি করেছে আফগানিস্তান। দলটির প্রধান শক্তি স্পিন বিভাগ হলেও লিটন আফগানিস্তানের স্পিন ও পেস—দুই বিভাগকেই ভালো বলেছেন। তার মতে, বাংলাদেশের খেলোয়াড়েরা দীর্ঘদিন ধরে আফগানিস্তানের বিপক্ষে খেলছেন এবং আগের ঘাটতিগুলো কাটিয়ে ওঠার জন্য কাজ করেছেন।

