অনলাইন ডেস্ক: আজ ১৭ অক্টোবর ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস। জাত-ধর্মের বিভেদ পেরিয়ে মানবতার জয়গান গাওয়া এই সাধক তাঁর গান ও দর্শনের মাধ্যমে মানুষকে আত্ম-অনুসন্ধান ও অসাম্প্রদায়িকতার শিক্ষা দিয়েছেন। দিবসটি উপলক্ষে তরুণ প্রজন্মের বাউল ও লালনসংগীতশিল্পী সূচনা শেলী বলেছেন, লালন সাঁইজির গানে জ্ঞান রয়েছে এবং এর বাণী ও সুর বিকৃত করা উচিত নয়।
লালনের জীবনদর্শন, সংগীতের মর্মার্থ ও বাউল ঐতিহ্য নিয়ে কথা বলতে গিয়ে সূচনা শেলী বলেন, অন্য গানের সঙ্গে লালন সাঁইজির গানের বড় পার্থক্য রয়েছে। তাঁর ভাষ্যে, অন্য গান শুধু গান হলেও লালনের গানের মধ্যে জ্ঞান রয়েছে।
তিনি বলেন, লালনের গান যে কেউ শিখতে ও গাইতে পারেন। তবে গানটির সুর ও তাল ঠিক রেখে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারলেই একজনকে শিল্পী বলা যায়।
সূচনা শেলীর অভিযোগ, অনেক সময় লালনের বিচ্ছেদি গানের সঙ্গে আনন্দের নাচ করা হয়। এতে গানের ভাবধারা নষ্ট হয় বলে তিনি মনে করেন। তাঁর মতে, গানের সারমর্ম বুঝে পরিবেশন করলে সেখানে নৃত্যের বদলে জ্ঞান ও জীবনের সার্থকতা সামনে আসে।
লালনের দর্শনের প্রাসঙ্গিকতা
সূচনা শেলীর মতে, বাংলাভাষী মানুষ যত দিন থাকবে, লালন সাঁইজির প্রাসঙ্গিকতাও তত দিন থাকবে। তাঁর প্রতিটি কথা একেকটি দর্শন এবং প্রতিটি বাণী মানুষের জীবন গড়ে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, মানবতাবাদী ও অসাম্প্রদায়িক দর্শনের কারণেই লালনের শিক্ষা গুরুত্বপূর্ণ। তাঁর ভাষ্যে, সাঁইজির জ্ঞান বিশ্বের মানুষ খুঁজছে এবং সেই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দিতে পারা তাঁর সাফল্য।
সুর বিকৃতি নিয়ে আপত্তি
লালনগান পরিবেশনের ক্ষেত্রে বাণী ও সুরে পরিবর্তনের সুযোগ নেই বলে মন্তব্য করেন সূচনা শেলী। তাঁর দাবি, লালনের গানে ক্ল্যাসিক্যাল যুক্ত করা বা অন্যভাবে সুর পরিবর্তন করা উচিত নয়।
তিরোধান দিবসের পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, সকালে একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে গান করবেন। অনুষ্ঠান শেষে লালন সাঁইজির ধামের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। তরুণ প্রজন্মের প্রতি তাঁর বার্তা—লালনের গান বুঝে গাইতে ও শুনতে হবে।

