অনলাইন ডেস্ক: যিনি বলেছিলেন, ‘সত্য বল সুপথে চল, ওরে আমার মন’; গানের সুরে মানুষ ও মানবতার কথা বলে যাওয়া সেই কালজয়ী ব্যক্তিত্ব ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ ১৭ অক্টোবর। জাত-ধর্মের বিভেদ পেরিয়ে মানবতার জয়গান গাওয়া লালন তাঁর গান ও দর্শনের মধ্য দিয়ে মানুষকে আত্ম-অনুসন্ধান ও অসাম্প্রদায়িকতার শিক্ষা দিয়েছেন।
উপমহাদেশের সংগীত ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই সাধককে তিরোধান দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন ভক্ত ও অনুরাগীরা। লালনের জীবনদর্শন, সংগীতের মর্মার্থ ও বাউল ঐতিহ্য নিয়ে কথা বলেছেন বাউল ও লালনসংগীতশিল্পী শফি মণ্ডল।
শফি মণ্ডল জানান, তিনি লালনকে সরাসরি দেখেননি। লালনের বাণীর প্রতি আকর্ষণ থেকেই বাউল গানের সঙ্গে তাঁর পরিচয় এবং প্রায় ৪০ থেকে ৫০ বছর ধরে তিনি সেই বাণী চর্চা করছেন। পরে প্রয়াত গুরু সুলতান খতি সাহেবের সান্নিধ্যে গিয়ে দীক্ষা নেন। তাঁর ভাষ্য, লালনের ভাবদর্শন গানের মধ্য দিয়েই প্রকাশিত হয়েছে, তাই গান পরিবেশনের মাধ্যমেই তিনি তা বোঝা ও চর্চার চেষ্টা করেন।
লালনের গান শেখার পর একসময় তিনি জীবনের বাকি সময় লালনের পথ ও মত অনুসরণ করার সিদ্ধান্ত নেন বলে জানান। গুরুর নির্দেশে ফকিরি দীক্ষা নিয়ে কামনা-বাসনা ত্যাগ করে সাদা পোশাক গ্রহণ করেন এবং প্রায় ৪০ বছর ধরে ফকিরি জীবনের নিয়ম মেনে চলছেন।
বিদেশে অনুষ্ঠানে গান পরিবেশনের অভিজ্ঞতা তুলে ধরে শফি মণ্ডল বলেন, দর্শকদের প্রায় ৮০ শতাংশ প্রবাসী বাংলাদেশি এবং ২০ শতাংশ বিদেশি থাকেন। তাঁর দাবি, নব্বইয়ের দশকে গানের মর্মার্থ বোঝানো কঠিন হলেও প্রযুক্তির কারণে এখন অনুবাদের মাধ্যমে বিভিন্ন ভাষাভাষী মানুষ লালনের বাণী বুঝতে পারছেন। আমেরিকান ও ব্রিটিশ গবেষক ও দার্শনিকেরা লালনের মানবদর্শন নিয়ে গবেষণা ও লেখালেখি করছেন বলেও জানান তিনি।
শফি মণ্ডলের মতে, বর্তমান তরুণ প্রজন্ম বিশ্ববিদ্যালয় ও ফোকলোরের পাঠ্যক্রমের মাধ্যমে লালনচর্চা করছে। তিনি বলেন, লালন কোনো ধর্মকে খাটো না করে সহজভাবে মানবসত্যের কথা বলেছেন এবং মানুষকেই সর্বশ্রেষ্ঠ হিসেবে তুলে ধরেছেন। তাঁর বিশ্বাস, তরুণেরা লালনের বাণী বুঝে বিশ্বদরবারে তাঁকে আরও সুন্দরভাবে উপস্থাপন করবে।
তিরোধান দিবস উপলক্ষে তাঁর আলাদা কোনো পরিকল্পনা নেই জানিয়ে শফি মণ্ডল বলেন, তিনি সব সময়ই লালনকে নিয়ে কাজ করেন। গত বছর এই দিনে তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। এবার কুষ্টিয়ার ছেঁউড়িয়া ধামে গিয়ে লালনের প্রতি ভক্তি নিবেদন করবেন এবং ফিরে গণমাধ্যমে লালনের গান ও ভাবাদর্শ নিয়ে আলোচনা করবেন।

