Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩৪ জেলে আটক

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩৪ জেলে আটক

অনলাইন ডেস্ক: লক্ষ্মীপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করায় ৩৪ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২ মণ ইলিশ ও ১ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। আটক জেলেদের ৪টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের অর্থদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে ইলিশ শিকারে যান। দিনব্যাপী মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের অভিযানে তাদের আটক করা হয়। জব্দ করা ইলিশ স্থানীয় চারটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দ ১ লাখ ২০ হাজার মিটার জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, মেঘনা নদীর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড দেওয়া হয়। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।

মৎস্য বিভাগ জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীর রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ সময় মাছ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, ২ বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram