অনলাইন ডেস্ক: দলমত নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশের প্রয়োজনেই সবাইকে সহযোগিতা করে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে। নতুনভাবে বাংলাদেশ গড়তে ঐক্য ধরে রেখে কঠিন পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। তাঁর মতে, দলমত নির্বিশেষে গণতন্ত্রের ভিত শক্তিশালী করা গেলে নিয়মিত কাজের মাধ্যমেও দেশের উন্নয়ন সম্ভব।
পানিসম্পদ মন্ত্রী বলেন, দীর্ঘ সময় দেশের ভালো ইতিহাস ছিল না। রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করে এখন যে স্বাভাবিক জীবন এসেছে, তা ধরে রাখতে হবে। এতদিন রাজনৈতিক যুদ্ধের পর এখন জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের অভাব ও অনটনের মধ্যেও মানুষের স্বাভাবিক জীবন নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, সারাদেশে কাজ শুরু হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করে তিনি জিয়াউর রহমানের সাড়ে তিন বছরে স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগ এবং খালেদা জিয়ার নেতৃত্ব ও সংগ্রামের কথা তুলে ধরেন।
এ্যানি বলেন, বিভিন্ন ইস্যুতে পার্লামেন্টে আলোচনা হলেও বাইরে সেই অবস্থান সবসময় ধরে রাখা যায় না। অনেক সময় উত্তেজিত হয়ে ভিন্ন কর্মসূচিতে যাওয়ার চেষ্টা দেশের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই সবদিক বিবেচনা করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান উপস্থিত ছিলেন।

