অনলাইন ডেস্ক: ১৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যর্থতা ও মন্থর রানরেটের কারণে ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। তবে দলনেতা সাদিয়া ইসলাম ও সাদিয়া আক্তারের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ।
অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কার মেয়েরা। আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান করে শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ ১৫৪ রান করে।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দুই ওপেনারের কেউই রানের খাতা খুলতে পারেননি। মাইমুনা নাহের ২ বল এবং আচেনা জান্নাত ৭ বল খেলে শূন্য রানে আউট হন। শিরিনা খাতুন ৭ বলে করেন ৬ রান।
চতুর্থ উইকেট জুটিতে নিশিতা আক্তার নিশিকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন দলনেতা সাদিয়া ইসলাম। পরে সাদিয়া আক্তারের ব্যাটিংয়ে জয়ের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন সাদিয়া ইসলাম। ৩৫ বলের ইনিংসটিতে ছিল তিনটি চার ও একটি ছক্কা।
শেষ ওভারে আউট হওয়ার আগে সাদিয়া আক্তার ২২ বলে করেন ৩৫ রান। নিশি করেন ৩৫, ফারজানা ১১, বিবি আয়েশা ৩ এবং জান্নাতুল ফেরদৌস ৪ রান।
এর আগে শ্রীলঙ্কার হয়ে ওপেনার সাঞ্জানা কাভিন্দি ৬৪ রানের ইনিংস খেলেন। উমায়াঙ্গানা পেইরিস করেন ২৮ রান। বালাসুলিয়া ২৩, উপেক্ষা ২২, সেওমিনি ১৫ এবং মেথসারা ১ রান করেন। শাসিনি গিমানি রানের দেখা পাননি।

