Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩৮ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩৮ জেলে আটক

অনলাইন ডেস্ক: ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশের অভয়াশ্রমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে এক দিনে ৩৮ জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬টি মাছ ধরার নৌকা, ৪১ কেজি ইলিশ ও ১ লাখ ৬৭ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন এ তথ্য জানান। এর আগে ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়।

উপজেলাভিত্তিক অভিযান

ভোলা সদর উপজেলায় ১৭ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ১৪ জনকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করেন। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ সময় তিনটি নৌকা, ১০ কেজি ইলিশ ও ২৫ হাজার মিটার জাল জব্দ করা হয়।

দৌলতখান উপজেলায় আটক করা হয় তিন জেলেকে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অভিযানে একটি নৌকা, ১৫ কেজি ইলিশ ও ১ লাখ মিটার জাল জব্দ করা হয়।

তজুমদ্দিন উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ১০ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এ ছাড়া দুটি মাছ ধরার নৌকা, ছয় কেজি মাছ ও ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়।

চরফ্যাশন উপজেলায় আটক করা হয় আট জেলেকে। তাঁদের মধ্যে ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ সময় ১০ কেজি ইলিশ ও ২২ হাজার মিটার জাল জব্দ করা হয়।

জব্দ সামগ্রীর বিষয়ে সিদ্ধান্ত

জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, মৎস্য বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানে জেলেদের আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

তিনি জানান, জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ এবং জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দ করা নৌকা নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram