Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বিয়ের একদিন আগে ডেঙ্গুর উপসর্গে যুবকের মৃত্যু

বিয়ের একদিন আগে ডেঙ্গুর উপসর্গে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক: গাইবান্ধায় বিয়ের একদিন আগে ডেঙ্গুর উপসর্গ নিয়ে আরিফ শাহরিয়ার সৌমিক (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গায়ে হলুদের দিন গাইবান্ধা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগে গত ৪ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সৌমিকের বোন শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবারই তার বিয়ে এবং শনিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে বৌভাতের আয়োজন ছিল।

নিহত সৌমিক গাইবান্ধা পৌর এলাকার ডেভিড কোম্পানি পাড়ার সুলতান মিয়ার ছেলে। তিনি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় একাধিক সূত্র জানায়, প্রায় এক মাস আগে ঢাকা থেকে বাড়িতে ফেরেন সৌমিক। গত চার দিন ধরে জ্বরে ভোগার পর বৃহস্পতিবার সকালে তার শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। পরে তাকে শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের ব্যবস্থাপত্র নেওয়ার পর দুপুরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বিকেলে সৌমিকের শারীরিক অবস্থার আরও অবনতি হলে স্বজনরা তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

সৌমিকের আকস্মিক মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন। শুক্রবার বাদ জুমা শহরের স্টেশন জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram