Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

দুই ব্রাজিলিয়ানের গোলে ইতিহাস গড়ল বোর্নমাউথ

দুই ব্রাজিলিয়ানের গোলে ইতিহাস গড়ল বোর্নমাউথ

অনলাইন ডেস্ক: ২১ বছর পর প্রথম কোনো ইংলিশ ক্লাব হিসেবে ইউরোপীয় প্রতিযোগিতায় পা রেখেই নিজেদের প্রথম দুই ম্যাচে জিতেছে বোর্নমাউথ। উয়েফা ইউরোপা লিগের ম্যাচে বৃহস্পতিবার রাতে তারা অস্ট্রিয়ার ক্লাব স্টার্ম গ্রাজকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। বোর্নমাউথের হয়ে গোল করেছেন দুই ব্রাজিলিয়ান এভানিলসন ও রায়ান এবং আলভারো রদ্রিগেজ।

এভানিলসনের দুর্দান্ত হেডে এগিয়ে যায় বোর্নমাউথ। ম্যাচের শেষদিকে রায়ান ও আলভারো গোল করে ‘দ্য চেরিজ’দের জয় নিশ্চিত করেন। ইউরোপা লিগের লিগপর্বে এটি বোর্নমাউথের টানা দ্বিতীয় জয়। এর আগে সেপ্টেম্বরে প্রথম ম্যাচে তারা রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছিল।

স্টার্ম গ্রাজকে হারানোর পর ২০০৫ সালে বোল্টন ওয়ান্ডারার্সের পর বড় কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের প্রথম দুই ম্যাচে জেতা প্রথম ইংলিশ ক্লাব হলো বোর্নমাউথ। ঐতিহাসিক ম্যাচটি দেখতে দক্ষিণ ইংল্যান্ডের উপকূলীয় শহরটির ভাইটালিটি স্টেডিয়ামে রেকর্ডসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

ম্যাচ শুরুর আগে সমর্থকেরা আতশবাজির প্রদর্শনী উপভোগ করেন। গ্যালারিতে প্রদর্শিত টিফোতে লিগ টু থেকে উঠে এসে ইউরোপা লিগে জায়গা করে নেওয়ার ক্লাবটির যাত্রা তুলে ধরা হয়।

চেলসির বিপক্ষে গত শনিবারের ম্যাচে ফেব্রুয়ারির পর প্রথম গোল পাওয়া এভানিলসন এবার কারিগরি দক্ষতায় দলকে এগিয়ে দেন। ৭৬ মিনিটে বদলি হিসেবে নামা রায়ান ব্যবধান বাড়ান। চলতি মৌসুমের ইউরোপা লিগে এটি তার দ্বিতীয় গোল, দুই ম্যাচেই গোল করেছেন তিনি। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে বোর্নমাউথের জয় পূর্ণতা দেন আলভারো রদ্রিগেজ।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram