Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বর্ষা শেষেও কমেনি ডেঙ্গুর প্রকোপ, ঝালকাঠিতে আক্রান্ত ২ হাজার ৪৭৩

বর্ষা শেষেও কমেনি ডেঙ্গুর প্রকোপ, ঝালকাঠিতে আক্রান্ত ২ হাজার ৪৭৩

অনলাইন ডেস্ক: বর্ষা মৌসুম শেষ হলেও ঝালকাঠিতে ডেঙ্গুর প্রকোপ কমেনি। চলতি বছরের শুরু থেকে ১৩ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৭৩ জন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলার চারটি সরকারি হাসপাতালে ৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১২ জন, আর একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে। তবে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের হিসাব এতে অন্তর্ভুক্ত না থাকায় জেলায় ডেঙ্গু আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ঝালকাঠি শহরের কলাবাগান, বাঁশপট্টি, কাঠপট্টি, সিটি পার্ক এলাকা, ফকিরবাড়ি, স্টেশন রোড ও বান্দাঘাটকে ডেঙ্গুর উচ্চঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিভিন্ন স্থানে জমে থাকা পানি, খাল-নালায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া এবং অপরিকল্পিতভাবে আবর্জনা ফেলার কারণে মশার বংশবিস্তারের পরিবেশ তৈরি হচ্ছে। বাড়ির ছাদ, ফুলের টব, পানির পাত্র ও পরিত্যক্ত সামগ্রীতে জমে থাকা পানিতেও এডিস মশা বংশবিস্তার করতে পারে।

চারটি সরকারি হাসপাতালের মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে ৯ জন, রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, কাঠালিয়ায় ৭ জন এবং নলছিটিতে ৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিরোধে পরিচ্ছন্নতার পরামর্শ

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. টি এম মেহেদী হাসান সানি বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। বাড়ির ছাদ, ফুলের টব, পানির পাত্র ও পরিত্যক্ত সামগ্রীতে পানি জমতে দেওয়া যাবে না। জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তীব্র পেটব্যথা, বারবার বমি, রক্তপাত বা অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির জানান, জ্বর হলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা নেওয়ার পাশাপাশি বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চলছে। জেলা প্রশাসন, পৌরসভা, স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশকনিধনের পাশাপাশি পানি নিষ্কাশন সচল রাখা, আবর্জনা অপসারণ এবং জমে থাকা পানি পরিষ্কার করা জরুরি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram