অনলাইন ডেস্ক: বাংলাদেশের মাটিতে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। পেসার আলজারি জোসেফ নিজে থেকে নাম প্রত্যাহার করেছেন, আর দুর্দান্ত ফর্মে থাকা সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক শাই হোপকে বিশ্রাম দিয়েছে দলটি। ১৫ সদস্যের স্কোয়াডে প্রথমবার ডাক পেয়েছেন কেভিন উইকহ্যাম।
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজে হ্যামস্ট্রিং চোটে পড়া ওপেনার জন ক্যাম্পবেল চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞের পরামর্শের পর আলজারি জোসেফকে দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
সিডব্লিউআইয়ের ভাষ্য অনুযায়ী, লাল বলের ক্রিকেটে বাড়তি শারীরিক ধকল ও চোটের ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে জোসেফের সম্মতি রয়েছে। সংক্ষিপ্ত ফরম্যাটে তার খেলার সম্ভাবনা পুরোপুরি নাকচ করা হয়নি। তবে মেডিকেল টিমের মতে, বাংলাদেশে পরপর দুটি টেস্টে পেসারদের দীর্ঘ সময় গতিময় স্পেল করতে হয়, যা সংক্ষিপ্ত ফরম্যাটের তুলনায় বেশি শারীরিক ধকল তৈরি করে।
জোসেফের বিকল্প হিসেবে অলরাউন্ডার কিমো পল টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন। ওয়ার্কলোড বিবেচনায় শাই হোপকেও বিশ্রাম দেওয়া হয়েছে। ২০২৭ সালের বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে তাকে বেছে বেছে খেলানোর পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।
ঘরোয়া প্রতিযোগিতায় তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন কেভিন উইকহ্যাম। তিনি ৭৮.৬০ গড়ে ৩৯৩ রান করেছেন। ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ছয় সেঞ্চুরিসহ তার রান ৪০.৮৮ গড়ে।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বাংলাদেশের ফাইনালে ওঠার সুযোগ থাকায় সিরিজটি নাজমুল হোসেন শান্তর দলের জন্য গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবিলে ক্যারিবীয়দের অবস্থান আট নম্বরে।
২৮ অক্টোবর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৫ নভেম্বর সিলেটে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড
রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

