অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের পেস বিভাগে উন্নতির নেপথ্যে বেশ কয়েকজন সাবেক কোচের ভূমিকা রয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি অ্যালান ডোনাল্ডের নামটিও আসে। তাসকিন-শরিফুলদের দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি নিজ দেশের ঘরোয়া ক্রিকেটে কাজ করে আসছেন। এবার ডোনাল্ড নতুন করে ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে ফিরছেন।
দক্ষিণ আফ্রিকার এই প্রতিযোগিতায় জোবার্গ কিংসের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন ডোনাল্ড। দলটির প্রধান কোচ হয়েছেন দেশটির সাবেক তারকা অলরাউন্ডার এলবি মরকেল। এর আগে জোবার্গ কিংসের প্রধান কোচ ছিলেন নিউজিল্যান্ডের সাবেক তারকা স্টিফেন ফ্লেমিং। সম্প্রতি তিনি ইংল্যান্ড টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।
ডোনাল্ড জোবার্গ কিংসে এরিক সাইমনসের স্থলাভিষিক্ত হচ্ছেন। ফ্লেমিংয়ের সঙ্গে সাইমনসও ইংল্যান্ডে তাঁর কোচিং স্টাফে যুক্ত হয়েছেন। ২০০৪ সালে খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে যুক্ত হয়ে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন ডোনাল্ড। আন্তর্জাতিক পর্যায়ে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি।
ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ডোনাল্ডের কাজের অভিজ্ঞতা রয়েছে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ওয়ারউইকশায়ার ও কেন্টের পাশাপাশি জিম্বাবুয়ের মাউন্টেনিয়ার্স, ভারতের পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে কাজ করেছেন তিনি। সর্বশেষ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে লায়ন্সের বোলিং কোচ ছিলেন ‘সাদা বিদ্যুৎ’ নামে পরিচিত এই সাবেক প্রোটিয়া তারকা।
সম্প্রতি এসএ টোয়েন্টির আসন্ন পঞ্চম আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সেখানে জোবার্গ সুপার কিংস তাদের সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকে ২.৭ মিলিয়ন র্যান্ডে দলে ফিরিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক না হওয়া অলরাউন্ডার জেসন রোলসের জন্য দলটি রেকর্ড সর্বোচ্চ ২.৯ মিলিয়ন র্যান্ড ব্যয় করেছে।
২০২৭ সালের ১৭ জানুয়ারি থেকে এসএ টোয়েন্টির পরবর্তী আসর শুরু হবে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই লিগে রিশাদ হোসেনকে দেখা যেতে পারে; তাঁকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ।

