অনলাইন ডেস্ক: দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও গভীর করার সুযোগ নিয়েও আলোচনা করেছে উভয় পক্ষ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানির সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন হুমায়ুন কবির। তিনি জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহের কথা জানান এবং টেকসই ও দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার জন্য এ খাতে আরও সহযোগিতার সুযোগ খতিয়ে দেখতে আলজেরিয়ার রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ করেন।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, জাহাজ নির্মাণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর সুযোগ নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের খাদ্যনিরাপত্তা জোরদারে সার খাতে সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বের ওপর বিশেষ জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, এসব কৌশলগত খাতে ঘনিষ্ঠ সহযোগিতা দুই দেশের পারস্পরিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পারে। অংশীদারত্ব গভীর করতে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্বও তুলে ধরেন তিনি।
সাক্ষাৎকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে তার দেশের আগ্রহের কথা জানান। বাংলাদেশের প্রস্তাবগুলোর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে তিনি জ্বালানি, ওষুধশিল্প, সার, জাহাজ নির্মাণ এবং সামুদ্রিক নৌপরিবহন সেবায় সহযোগিতা বাড়ানোর আগ্রহ জানান।

